সুনামগঞ্জের তাহিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত প্রায় ২টার দিকে উপজেলা পরিষদ-সংলগ্ন গ্রামীণ ব্যাংকের তাহিরপুর শাখায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের প্রবেশদ্বারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংকের ভেতরে দায়িত্বে থাকা নাইটগার্ড হরি দাশ বর্মন আগুন দেখতে পেয়ে চিৎকার দেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এসে আগুন নেভান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে ব্যাংকের দুটি কাঠের দরজা ও বিদ্যুৎ মিটারের তার পুড়ে গেছে। তবে ভেতরে থাকা আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র, অর্থসহ অন্যান্য মালামাল অক্ষত আছে।

গ্রামীণ ব্যাংকের সুনামগঞ্জ শাখার এরিয়া ম্যানেজার বিপুল চন্দ্র রায় জানান, রাত প্রায় ২টার দিকে কে বা কারা ব্যাংকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। শব্দ শুনে নাইটগার্ড চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দুটি কাঠের দরজা ও বিদ্যুৎ মিটারের তার পুড়ে গেছে বলে তিনি জানান।

তাহিরপুর থানার ওসি ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিলেও তাদের উদ্দেশ্য সফল হয়নি এবং অল্পের জন্য বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। তিনি জানান, পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিক এগিয়ে আসায় দুর্বৃত্তরা পালিয়ে যায়।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}