শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত এসব কারখানা বন্ধ ছিল। একই দিনে শ্রীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন শিল্প এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া ৫ থেকে ১০টি কারখানা শুধু বৃহস্পতিবারের জন্য ছুটি দেওয়া হয়েছে। কারখানা ভাঙচুর, শ্রমিক অসন্তোষ ও জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভের খবর ছিল না। তবে বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা ও আনসার রোডসহ বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে বিভিন্ন কারখানার শ্রমিকেরা নিজ নিজ কর্মস্থলের সামনে জড়ো হন। পরে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। একপর্যায়ে মাওনা চৌরাস্তা, আনসার রোড ও আশপাশের এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। এ সময় তাঁদের হাতে লাঠিসোঁটা দেখা যায়।

খবর পেয়ে পুলিশ, বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে শ্রমিকেরা বিক্ষোভ ও অবরোধ অব্যাহত রাখেন।

এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, শ্রীপুরের মাওনা চৌরাস্তা ও আনসার রোড এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ করছিলেন। তাঁদের সরিয়ে দিতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা বিভিন্ন স্থানে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

পুলিশের উপস্থিতিতে শ্রমিকেরা দীর্ঘ সময় বিক্ষোভ করতে পারেননি বলেও জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল। সূত্র:যুগান্তর

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}