গোপালগঞ্জে এবার গোপালগঞ্জ-১ (মুকসুদপুর ও কাশিয়ানী) আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মিছিল নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সংসদ সদস্য সেলিমুজ্জামানের বাড়িতে অবস্থান নেন। এ সময় তারা বাড়ি লক্ষ্য করে কয়েকটি ককটেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী এলাকায় গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হয়।
এরপর বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দেওয়া হয়।
সর্বশেষ বৃহস্পতিবার কাশিয়ানীর মাঝিগাতী গ্রামে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যার পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটল।
উল্লেখ্য, এস এম জিলানী, ডা. কে এম বাবর ও মো. সেলিমুজ্জামান মোল্যা—তিনজনই বিএনপি মনোনীত সংসদ সদস্য।