ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কাভার্ডভ্যান উল্টে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে সড়কে চলাচল করা শত শত গাড়ির চালক ও যাত্রী দুর্ভোগে পড়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে মিরসরাই উপজেলার নিজামপুর (সরকারহাট) বাজারে নাহার অ্যাগ্রোর পোলট্রি খাদ্যবোঝাই একটি কাভার্ডভ্যান উল্টে যায়। এতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে মিরসরাই পৌর সদরে থানা মসজিদের সামনে সড়কের ওপর আরও দুটি কাভার্ডভ্যান উল্টে গেলে যান চলাচলে বিঘ্ন ঘটে।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে নিজামপুর থেকে মিরসরাই সদর পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহন দাঁড়িয়ে রয়েছে।

যানজটে আটকে পড়া ট্রাকচালক সুজা উদ্দিন বলেন, তিনি গাজীপুর থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। যানজটে পড়ে বড়তাকিয়া এলাকায় এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন। কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তা বুঝতে পারছেন না।

এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন বলেন, মিরসরাইয়ের নিজামপুর এলাকায় একটি গাড়ি উল্টে যাওয়ার পর কিছুটা যানজট তৈরি হয়েছে। পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যে যানজট পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}