গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল থেকে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের নীলফা বাজার, মালেকের দোকান, রামচন্দনপুর, সিঙ্গিপাড়া, কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের সামনের এলাকা, গিমাডাঙ্গা নতুন বাজার ও পাটগাতী বাসস্ট্যান্ড মোড়সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সড়ক অবরোধ করা হয়।

অবরোধের জন্য কোথাও গাছের গুঁড়ি, কোথাও পল্লী বিদ্যুতের খুঁটি, বাঁশ ও পুলিশের চেকপোস্টের বক্স ফেলে রাখা হয়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে না পেরে পথে আটকা পড়েছেন। কেউ কেউ বিকল্প পথ ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

উপজেলা বিএনপির সভাপতি মোস্তফা মোল্লা জানান, বুধবার বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মী হঠাৎ এসে উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা চালান। এ সময় তারা কার্যালয়ের সামনে অগ্নিসংযোগ করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, বাসস্ট্যান্ড এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।

এর আগে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতেও গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও আশপাশের এলাকায় সহিংসতার ঘটনা ঘটে। ওই রাতে টুঙ্গিপাড়া থানার ছয়টি পুলিশের গাড়ি, নীলফা বাজার এলাকায় বিজিবির গাড়ি ও একটি পুলিশ ভ্যানসহ মোট ১০টি গাড়িতে অগ্নিসংযোগের খবর পাওয়া যায়।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় পাটগাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

একপর্যায়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। থানায় হামলার খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসারের কয়েকটি দল টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়।

পথে নীলফা বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িবহরেও হামলা চালানো হয়। এ সময় বাহিনীগুলোর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}