সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বজুড়ে স্বয়ংক্রিয় বয়স শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে মেটা। চলতি মাস থেকেই ইনস্টাগ্রামে এ প্রযুক্তির বিস্তৃতি শুরু করছে প্রতিষ্ঠানটি। এর ফলে ব্যবহারকারীরা অ্যাকাউন্ট খোলার সময় নিজেদের বয়স ১৮ বছরের বেশি উল্লেখ করলেও আচরণগত তথ্যের ভিত্তিতে কিশোর হিসেবে শনাক্ত হলে তাদের জন্য বয়স উপযোগী সুরক্ষা ব্যবস্থা চালু হবে।

সম্প্রতি কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে সমালোচনা, বিভিন্ন আইনি পদক্ষেপ এবং বিপুল অঙ্কের আর্থিক সমঝোতার মুখে মেটা এ উদ্যোগ নিয়েছে বলে আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) এক ঘোষণায় মেটা জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে যেসব ব্যবহারকারীকে কিশোর বলে সন্দেহ করা হবে, তাদের অ্যাকাউন্টে বয়স অনুযায়ী সুরক্ষাব্যবস্থা চালু করা হবে। এ ক্ষেত্রে ব্যবহারকারীর পোস্ট, অনলাইন আচরণ ও বিভিন্ন কার্যক্রম বিশ্লেষণ করে সম্ভাব্য বয়স নির্ধারণ করবে মেটার এআই প্রযুক্তি।

মেটা জানিয়েছে, প্রযুক্তিটি চালুর পর আগের তুলনায় বেশি কিশোরকে বয়স উপযোগী সুরক্ষার আওতায় আনা সম্ভব হয়েছে। এ সাফল্যের ভিত্তিতে বিশ্বব্যাপী প্রযুক্তিটির ব্যবহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তি চালু করেছিল মেটা। এবার বিশ্বজুড়ে এর ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

কেউ অ্যাকাউন্ট খোলার সময় ভুল জন্মতারিখ দিয়ে নিজেকে প্রাপ্তবয়স্ক হিসেবে পরিচয় দিলেও এআইয়ের মাধ্যমে তাকে কিশোর হিসেবে শনাক্ত করা গেলে স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’ বা কিশোরদের জন্য নির্ধারিত অ্যাকাউন্টের সুরক্ষাব্যবস্থা কার্যকর হবে।

চলতি মাসে যুক্তরাষ্ট্রের যেসব অভিভাবক তাদের কিশোর সন্তানদের জন্য ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনা করছেন, তারা নতুন এ ব্যবস্থা সম্পর্কে নোটিফিকেশন পাবেন। বছরের পরবর্তী সময়ে ফেসবুক ও থ্রেডসেও এ প্রযুক্তি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে মেটার।

মেটার টিন অ্যাকাউন্টে কিশোরদের নিরাপত্তার জন্য বেশ কিছু বিধিনিষেধ রাখা হয়েছে। এর মধ্যে ১৩ বছরের কম বয়সীদের অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। কিশোরদের প্রতিদিন নির্দিষ্ট সময় পর অ্যাপ থেকে বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হবে এবং রাতে ঘুমের সময় নোটিফিকেশন বন্ধ থাকবে।

এ ছাড়া দৈনিক ব্যবহারের সময় দুই ঘণ্টায় সীমিত রাখা, অন্যদের সঙ্গে তুলনা তৈরি করতে পারে এমন কিছু লাইক ও রিঅ্যাকশন ফিচার সীমিত করা এবং কিশোরদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে অপরিচিত ও প্রাপ্তবয়স্কদের ওপর বাড়তি নিয়ন্ত্রণ রাখা হয়েছে।

কিশোরদের প্রতি ১৫ মিনিট একটানা ব্যবহারের পর বিরতি নেওয়ার পরামর্শ দেওয়া হবে। পাশাপাশি দৈনিক ব্যবহারের সময় ৬০ ও ৯০ মিনিটে পৌঁছালেও সতর্কবার্তা দেখানো হবে।

বিশ্বজুড়ে কিশোরদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন নিরাপত্তার ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। শিশু বিকাশ বিশেষজ্ঞদের মতে, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্ম তরুণদের অতিরিক্ত ব্যবহারে উৎসাহিত করতে পারে। একই সঙ্গে লাইক, কমেন্ট ও রিঅ্যাকশনের মাধ্যমে সামাজিক তুলনা এবং ক্ষতিকর অনলাইন কনটেন্টের সংস্পর্শে আসার ঝুঁকিও তৈরি হয়।

এ নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল মেটার বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্মগুলো আসক্তিমূলক আচরণে উৎসাহিত করে, ব্যবহারকারীর বয়স যথাযথভাবে যাচাই করে না এবং কিশোরদের অভিভাবকদের নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}