স্বাস্থ্যকর খাবারের প্রতি আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের সালাদ রাখছেন। বিশেষ করে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁদের জন্য পুষ্টিকর উপকরণে তৈরি সালাদ হতে পারে ভালো একটি খাবার। কাবলি ছোলা, ডিম, অ্যাভোকাডো ও বিভিন্ন তাজা সবজির মিশেলে তৈরি করা যায় মজাদার কাবলি ছোলার সালাদ।
স্বাদ ও পুষ্টির সমন্বয়ে তৈরি এই সালাদ ঘরেই খুব সহজে বানানো সম্ভব। রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
কাবলি ছোলার সালাদ তৈরির উপকরণ
কাবলি ছোলা সেদ্ধ ২০০ গ্রাম
ডিম সেদ্ধ ২টি
অ্যাভোকাডো ১টি
গাজর ১টি
টমেটো ১টি
মুলা ১টি
ক্যাপসিকাম ১টি
শসা ১টি
লেবুর রস ১ চা-চামচ
শুকনো টালা মরিচের গুঁড়া আধা চা-চামচ
বিট লবণ আধা চা-চামচ
সাধারণ লবণ স্বাদমতো
পুদিনাপাতা অথবা ধনেপাতা সাজানোর জন্য
যেভাবে তৈরি করবেন
প্রথমে কাবলি ছোলা ও ডিম আলাদা করে সেদ্ধ করে নিন। এরপর অ্যাভোকাডো, শসা, গাজর, মুলা, টমেটো ও ক্যাপসিকাম ছোট ছোট করে কুচিয়ে কাটুন।
এবার একটি সার্ভিং ডিশে সেদ্ধ কাবলি ছোলা ও কেটে রাখা সবজিগুলো সাজিয়ে নিন। ডিম সেদ্ধ করে কেটে সালাদের সঙ্গে যোগ করুন। এরপর এর ওপর লেবুর রস, সাধারণ লবণ, বিট লবণ ও টালা শুকনো মরিচের গুঁড়া ছড়িয়ে দিন।
সবশেষে পুদিনাপাতা অথবা ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু কাবলি ছোলার সালাদ।
কেন রাখতে পারেন খাদ্যতালিকায়?
কাবলি ছোলায় রয়েছে উদ্ভিজ্জ প্রোটিন ও খাদ্যআঁশ। অন্যদিকে ডিম প্রোটিনের উৎস এবং বিভিন্ন সবজি থেকে পাওয়া যায় ভিটামিন ও খনিজ উপাদান। অ্যাভোকাডোতে রয়েছে স্বাস্থ্যকর অসম্পৃক্ত চর্বি। এসব উপকরণের সমন্বয়ে সালাদটি হতে পারে বৈচিত্র্যময় খাবারের একটি অংশ।
যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাঁরাও পরিমাণ বুঝে এই সালাদ খাদ্যতালিকায় রাখতে পারেন। তবে শুধু সালাদ খেলেই ওজন কমবে, এমন নয়; সামগ্রিক খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম ও জীবনযাপনের ওপরও বিষয়টি নির্ভর করে।
সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম