ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে পাল্টাপালটি সামরিক হামলার ঘটনা ঘটেছে। বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির রাডারব্যবস্থা লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার দাবি ওঠার কয়েক ঘণ্টার মধ্যে ইরানের কেশম দ্বীপে পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৭ নভেম্বর) এ ঘটনা ঘটে। দুই দেশের এই সামরিক তৎপরতায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দিনের শুরুতে বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ড্রোন হামলার ঘটনা ঘটে। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ড্রোনগুলো আকাশেই প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন সামরিক সরঞ্জাম বা সদস্যদের কোনো ক্ষতি হয়নি।

অন্যদিকে, আইআরজিসি এক বিবৃতিতে দাবি করেছে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালিয়েছে। ইরানের দাবি, দেশটির আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের কথিত অনুপ্রবেশের জবাব হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

উল্লেখ্য, উপসাগরীয় দেশ বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত। কৌশলগত অবস্থানের কারণে ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র।

বাহরাইনে ড্রোন হামলার ঘটনার পর ইরানের অভ্যন্তরে পাল্টা আঘাত হানে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক কর্মকর্তার বরাতে আলজাজিরা জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে আইআরজিসির একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থল লক্ষ্য করে হামলা চালানো হয়। মার্কিন পক্ষ এ হামলাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছে।

ইরানের হরমোজগান প্রদেশের উপগভর্নর আহমাদ নাফিসি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে জানান, কেশম দ্বীপের কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। তবে এতে কোনো আবাসিক এলাকা, বাণিজ্যিক প্রতিষ্ঠান বা গুরুত্বপূর্ণ অবকাঠামোর ক্ষতি হয়নি বলে দাবি করেন তিনি। দ্বীপটির পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে দ্বীপটিতে কয়েকটি বিস্ফোরণের কথা বলা হয়েছে। তবে হামলায় সামরিক স্থাপনার কী পরিমাণ ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার ঘটনায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মিশর এ হামলার নিন্দা জানিয়ে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দুই দেশের এই পাল্টাপাল্টি হামলার ঘটনা এমন সময়ে ঘটল, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা চলছে। তবে নতুন করে সামরিক হামলার ঘটনায় পারস্য উপসাগরীয় অঞ্চলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: যুগান্তর

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}