কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ কোম্পানিগুলোকে মার্কিন কর্মকর্তাদের বক্তব্যে বিশ্বাস না করার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। ইরানের দাবি, প্রণালীর দক্ষিণাঞ্চলের অননুমোদিত পথে চলাচল করলে জাহাজগুলো সামুদ্রিক মাইন ও অগ্নিকাণ্ডের ঝুঁকিতে পড়তে পারে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি নৌবাহিনীর সর্বশেষ বিবৃতিতে হরমুজ প্রণালীতে সাম্প্রতিক কয়েকটি জাহাজের ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘মার্কিন কর্মকর্তাদের মিথ্যা কথায় বিশ্বাস করবেন না। হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলের অননুমোদিত পথে চলাচলকারী জাহাজগুলোকে মাইন ও আগুনের ভয়াবহ বাধার মুখে পড়তে হবে।’

আইআরজিসির দাবি, সম্প্রতি দুটি তেলবাহী জাহাজ প্রণালীর দক্ষিণাঞ্চল দিয়ে চলাচলের সময় সামুদ্রিক মাইনে আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন ধরে যায়। তাদের দাবি, ওই জাহাজ দুটিকে মার্কিন যুদ্ধবিমান আকাশপথ থেকে নিরাপত্তা দিচ্ছিল। তবে জাহাজগুলোর নাম বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরান।

আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার হরমুজ প্রণালীর কাছে দুটি জাহাজে হামলার খবর জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও। এর মধ্যে ওমানের খাসাব উপকূলের প্রায় ১৩ কিলোমিটার উত্তরে একটি ট্যাংকার হামলার শিকার হয়। এতে জাহাজটির ইঞ্জিনকক্ষে আগুন ধরে যায়। আরেকটি ট্যাংকারও অজ্ঞাত বস্তু বা অস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়। তবে এসব ঘটনার সঙ্গে ইরানের দাবি করা মাইন বিস্ফোরণের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে অক্টোবরের শেষ দিকে মার্কিন সামরিক বাহিনী দাবি করেছিল, হরমুজ প্রণালীর প্রধান নৌপথগুলো থেকে সব সামুদ্রিক মাইন অপসারণ করা হয়েছে। তবে ইরান এই দাবি প্রত্যাখ্যান করে আসছে। দুই দেশের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে গুরুত্বপূর্ণ এই জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ছে।

হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের বড় একটি অংশ এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছায়। ফলে এখানে নিরাপত্তা বিঘ্নিত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে প্রভাব পড়তে পারে।

সূত্র: আল-জাজিরা, রয়টার্স

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}