পাকিস্তানের জ্বালানি অবকাঠামো উন্নয়নে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে সৌদি আরবের প্রতিষ্ঠান ডেল্টা এনার্জি সৌদি। এ লক্ষ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইন্টার স্টেট গ্যাস সিস্টেমসের (আইএসজিএস) সঙ্গে একটি চুক্তি করেছে সৌদি প্রতিষ্ঠানটি। তবে এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে; বিনিয়োগ বা প্রকল্প নির্মাণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুই প্রতিষ্ঠানের যৌথ বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, পরিকল্পনার আওতায় পাকিস্তানের পশ্চিম সীমান্ত দিয়ে একটি প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হবে। পাইপলাইনটি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী গোয়াদর পর্যন্ত বিস্তৃত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।

এ ছাড়া পাইপলাইনটি পাকিস্তানের পূর্ব সীমান্ত পর্যন্ত সম্প্রসারণ, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) অবকাঠামো গড়ে তোলা, গ্যাস প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণাগার নির্মাণ এবং রপ্তানি টার্মিনাল স্থাপনের সম্ভাবনাও যাচাই করা হবে।

পরিকল্পনায় আফগানিস্তান সীমান্তবর্তী চামান থেকে পাকিস্তানের ভেতর দিয়ে ভারতের ফাজিলকা সীমান্তের কাছাকাছি পর্যন্ত একটি গ্যাস পাইপলাইন নির্মাণের বিষয়ও রয়েছে। তবে এ প্রকল্প বাস্তবায়নে পাকিস্তান ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা এবং প্রয়োজনীয় চুক্তি করতে হবে।

গ্যাস সরবরাহের সম্ভাব্য উৎস হিসেবে আফগানিস্তানের কাশক গ্যাসক্ষেত্রসহ দেশটির অন্যান্য প্রাকৃতিক গ্যাসসম্পদ বিবেচনা করছে ডেল্টা এনার্জি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তাদের এই পরিকল্পনা তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত (টিএপিআই) গ্যাস পাইপলাইন প্রকল্প থেকে সম্পূর্ণ আলাদা। এটি বাস্তবায়নের জন্য তুর্কমেনিস্তানের গ্যাসের ওপর নির্ভর করতে হবে না।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে গ্যাস সরবরাহের জন্য আগে নেওয়া কয়েকটি পাইপলাইন প্রকল্প দীর্ঘদিন ধরে বিলম্বিত হয়েছে। নতুন পরিকল্পনাটি বাস্তবায়িত হলে দেশটির গ্যাস পরিবহন, সংরক্ষণ ও রপ্তানি অবকাঠামো সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

তবে দুই প্রতিষ্ঠানের মধ্যে হওয়া চুক্তিটি মূলত প্রস্তাবিত প্রকল্পগুলোর সম্ভাব্যতা যাচাইয়ের কাঠামো তৈরি করেছে। এটি ৩০ বিলিয়ন ডলারের চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত নয়। প্রকল্পগুলোর অর্থায়ন, নির্মাণ কিংবা বাস্তবায়নের সময়সূচি নিয়েও এখনো কোনো চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি।

সূত্র: রয়টার্স

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}