দক্ষিণ কোরিয়ার সনদপ্রাপ্ত কর হিসাবরক্ষক পরীক্ষায় প্রথম হওয়া ওই পরীক্ষার্থী হান পদবির একজন ব্যক্তি। এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত পরীক্ষার দুই ধাপেই শীর্ষস্থান অর্জন করেন তিনি। প্রথম ধাপে ৪০০ নম্বরের মধ্যে পান ৩৯৭ দশমিক ৫। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল হওয়ায় তাঁর ফলাফল নিয়ে সন্দেহ তৈরি হয়।

শুরুতে স্মার্ট চশমা ব্যবহার করে জালিয়াতির অভিযোগ অস্বীকার করেছিলেন হান। তবে রোববার আইনজীবীর মাধ্যমে নিজের অপরাধ স্বীকার করেন তিনি। আইনজীবী লি দন-হোর ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে মুখে মাস্ক পরে হান বলেন, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন। শীর্ষস্থান অর্জন তাঁর ন্যায্য প্রচেষ্টার ফল নয় বলেও স্বীকার করেন তিনি।

হান জানান, পরীক্ষার প্রশ্নের ছবি তুলতে একটি ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করেছিলেন। পরে ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি ব্যবস্থায় পাঠিয়ে উত্তর সংগ্রহ করেন এবং স্মার্টফোনে সেগুলো দেখে নেন। এ ঘটনায় সিউল পুলিশের কাছে লিখিত স্বীকারোক্তিও জমা দিয়েছেন তিনি।

সিউল মহানগর পুলিশ জানিয়েছে, রোববার সকালে পরীক্ষার্থীর আইনজীবীর মাধ্যমে কর হিসাবরক্ষক পরীক্ষায় জালিয়াতির বিষয়ে লিখিত স্বীকারোক্তি পাওয়া গেছে। পরে ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। সোমবার পুলিশ জানায়, জালিয়াতিতে ব্যবহৃত ক্ষুদ্র ক্যামেরা, ল্যাপটপসহ কিছু সরঞ্জামও জমা দেওয়া হয়েছে।

দক্ষিণ কোরিয়ায় এ ধরনের পেশাগত যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা সামাজিক অবস্থান ও কর্মজীবনের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা দেশটিতে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। এর মধ্যেই আগামী বৃহস্পতিবার, ১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশটির বার্ষিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এ পরীক্ষার জন্য লাখো শিক্ষার্থী দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়ে থাকে।

পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সরকারও জরুরি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। প্রেসিডেন্টের কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে এ ধরনের জালিয়াতি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে রোববার বিকেলে নীতিবিষয়ক চিফ অব স্টাফের সভাপতিত্বে জরুরি বৈঠকও অনুষ্ঠিত হয়।

এর আগে শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী হান সঙ-সুক কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় পরীক্ষায় জালিয়াতির আশঙ্কা নিয়ে জনমতের উদ্বেগের কথা স্বীকার করেন। তাঁর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে সরকার আগাম প্রস্তুতি নেবে এবং পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে।

এদিকে সোমবার দেশটির শিক্ষা মন্ত্রণালয় জানায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের চশমা পরীক্ষা করা হবে। স্মার্ট চশমা ব্যবহার করে জালিয়াতি ঠেকাতে পরীক্ষাকেন্দ্রে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মীও রাখা হবে। তবে পরীক্ষা পেছানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স, কোরিয়া টাইমস, ইয়োনহাপ

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}