জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে দেশটির দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’। এর মাধ্যমে অনলাইনে আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং আবেদনের অগ্রগতি জানার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ার পাশাপাশি ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

নতুন ডিজিটাল ব্যবস্থায় যেসব সুবিধা

নতুন পোর্টালের মাধ্যমে দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করা যাবে। ভিএফএসের মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্রের প্রাথমিক যাচাইয়ের সুযোগও থাকবে। নির্ধারিত দিনে আবেদনকারীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি পরিশোধ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হবে।

এ ছাড়া পোর্টালে প্রবেশ করে আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন আবেদনকারীরা। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুযোগও থাকবে।

দূতাবাসের আশা, নতুন ব্যবস্থায় আবেদনপত্র যাচাইয়ের সময় কমবে এবং ভিসা প্রক্রিয়া আরও গতিশীল হবে। তবে আবেদনকারীর ধরন ও পরিস্থিতি অনুযায়ী আবেদন প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।

অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন

নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর ফলে আগের পদ্ধতিতে ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ, পুরোনো ব্যবস্থায় যাঁরা অপেক্ষমাণ তালিকায় নিবন্ধন করেছেন, তাঁদের নতুন কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।

এ পরিবর্তনের কারণে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সাময়িক অসুবিধায় পড়তে হতে পারে। তবে নতুন ব্যবস্থায় দূতাবাসের আবেদন প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়বে এবং ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমবে বলে আশা করা হচ্ছে।

যেভাবে আবেদন করবেন

আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে জার্মানিতে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা নতুন ডিজিটাল পোর্টালে নিবন্ধন করে আবেদন জমা দিতে পারবেন।

আবেদনের জন্য প্রবেশ করতে হবে: https://digital.diplo.de/

প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে জার্মান দূতাবাসের ওয়েবসাইটে: www.dhaka.diplo.de

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}