সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১১ হাজার ৯৫২ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। একই সময়ে আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৪১৮ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশজুড়ে পরিচালিত যৌথ অভিযানে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৪ নভেম্বর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ। মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, গত ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশটির বিভিন্ন অঞ্চলে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় এসব অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ১৬৩ জন আবাসন আইন, ৩ হাজার ২২৫ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৫৬৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন। এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, অবৈধভাবে দেশটি ছাড়ার চেষ্টার অভিযোগে আটক হয়েছেন আরও ২৯ জন।

এ ছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা অবৈধভাবে নিয়োগের অভিযোগে ১৫ জনকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। এসব অপরাধে স্থানীয় ও বিদেশি নাগরিকদের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ২২ হাজার ৪৫১ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। অন্যদিকে, ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পাঠানো হয়েছে আরও ৯ হাজার ৮০০ জনকে।

বর্তমানে সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৪০ হাজার ৭৬২ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তাঁদের মধ্যে পুরুষ ৩৮ হাজার ৩৮৩ জন এবং নারী ২ হাজার ৩৭৯ জন।

এদিকে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহায়তা কিংবা আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের অপরাধে জড়িতদের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পাশাপাশি অপরাধে ব্যবহৃত যানবাহন এবং অবৈধ ব্যক্তিদের আশ্রয় দেওয়ার কাজে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন কার্যকর করতে দেশজুড়ে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সূত্র: গালফ নিউজ,

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}