ভারতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির সরকার। ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টিতে নামিয়ে আনা হয়েছে। পাশাপাশি ভিসার আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। নতুন ব্যবস্থায় পর্যটক, রোগী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

১১ নভেম্বর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন ভিসা কাঠামোর বিস্তারিত প্রকাশ করে। এর আগে গত ২৭ আগস্ট ভিসার শ্রেণি ও উপশ্রেণি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকারের ভাষ্য, ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী ভিসার ধরন নির্ধারণ সহজ করা এবং একই ধরনের ভিসার মধ্যে থাকা জটিলতা দূর করতেই এ পরিবর্তন আনা হয়েছে।

নতুন কাঠামোয় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই ৯ শ্রেণিতে ভিসা দেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন ২৩টি উপশ্রেণির আবেদনপত্র থেকে অপ্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। এতে আবেদনকারীদের সময় ও পরিশ্রম কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পর্যটন ভিসায়। প্রচলিত পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ভিজিটর ভিসা। নতুন ব্যবস্থায় এই ভিসার আওতায় শুধু ভ্রমণ নয়, স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, সুস্থতা কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

নতুন ভিজিটর ভিসাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি ভি-১, যার মেয়াদ হবে ৩০ দিন। এ ভিসায় একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। স্বল্পমেয়াদি ভ্রমণ, ব্যবসায়িক বৈঠক, চিকিৎসা পরামর্শ ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নিতে এটি ব্যবহার করা যাবে।

দ্বিতীয়টি ভি-২ ভিসা। আবেদনকারীর প্রয়োজন ও যোগ্যতা অনুযায়ী এ ভিসার মেয়াদ হবে এক, পাঁচ অথবা ১০ বছর। দীর্ঘমেয়াদি ভ্রমণের পাশাপাশি পর্বতারোহণের ক্ষেত্রেও এ ভিসা কার্যকর হবে। তবে পর্বতারোহণের জন্য ছয় মাস মেয়াদি একাধিকবার প্রবেশের সুযোগসহ ভিসা দেওয়া হবে।

চিকিৎসা ও শিক্ষার্থী ভিসায় পরিবর্তন

চিকিৎসাসেবা নিতে ভারতে যেতে ইচ্ছুক বিদেশিদের জন্য নতুন কাঠামোয় সাধারণ চিকিৎসায় এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসায় এম-৩ ভিসা রাখা হয়েছে। সাধারণত এক বছর মেয়াদি এই দুই ভিসায় একাধিকবার ভারতে যাতায়াতের সুযোগ থাকবে। পাশাপাশি রোগীর সঙ্গে থাকা স্বজন বা সহকারীদের জন্য যথাক্রমে এম-২ ও এম-৪ ভিসার ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে, শিক্ষার্থীদের জন্য স্কুল থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনায় এস-১ এবং পিএইচডি, গবেষণা, অতিথি শিক্ষকতা ও ইন্টার্নশিপের জন্য এস-২ ভিসা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ভারতের নির্ধারিত শিক্ষা কার্যক্রমের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর অথবা কোর্সের মেয়াদ পর্যন্ত একাধিকবার প্রবেশের সুযোগসহ ই-এস১ ভিসা পেতে পারেন।

ব্যবসায়িক ও কারিগরি ভিসায় নতুন নিয়ম

ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২—এই দুই ভাগে ভাগ করা হয়েছে। ভারতে দীর্ঘমেয়াদি বিনিয়োগ এবং ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বি-১ ভিসা দেওয়া হবে। অন্যদিকে, স্বল্পমেয়াদি চুক্তি, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম ও চলচ্চিত্র নির্মাণের মতো কাজে বি-২ ভিসার ব্যবস্থা রাখা হয়েছে।

এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানে যন্ত্রপাতি স্থাপন, কারিগরি সহায়তা, প্রযুক্তি হস্তান্তর ও কর্মীদের প্রশিক্ষণ দিতে যাওয়া বিদেশি প্রকৌশলী ও বিশেষজ্ঞদের জন্য বি-২ শ্রেণির আওতায় বিশেষ ব্যবসায়িক ভিসার সুযোগ রাখা হয়েছে। এ ভিসার মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম চালু ও পরিচালনায় প্রয়োজনীয় কারিগরি সহায়তা পাওয়া সহজ হবে বলে মনে করছে সরকার।

নতুন কাঠামোয় কূটনীতিক, সাংবাদিক, জাতিসংঘের কর্মকর্তা এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য বিশেষ ভিসার ব্যবস্থাও রাখা হয়েছে। তাঁদের ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সংশ্লিষ্ট শ্রেণিতে ভিসা দেওয়া হবে।

তবে নতুন কাঠামোর বিস্তারিত প্রকাশ করা হলেও এর আওতায় ভিসা ইস্যুর জন্য প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তি ব্যবস্থা হালনাগাদের কাজ চলছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালের শেষ নাগাদ নতুন কাঠামো অনুযায়ী ভিসা দেওয়া শুরু করার লক্ষ্য রয়েছে।

সূত্র: ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, দ্য স্টেটসম্যান।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}