দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৮ জনের শরীরে হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের ১৫ নভেম্বর ২০২৬ তারিখের স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে ১৪ নভেম্বর সকাল ৮টা থেকে ১৫ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৪১৪ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। একই সময়ে ১৫৮ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগে আটজনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৫৯৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৬২, সিলেটে ১৭৮, বরিশালে ৯৪, ময়মনসিংহে ৭৭, রংপুরে ৬০, রাজশাহীতে ৪৭ এবং খুলনায় ১০১ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

নতুন করে নিশ্চিত হওয়া ১৫৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬১ জন, সিলেটে ৩২ জন এবং চট্টগ্রামে ৩০ জন রয়েছেন। রংপুর বিভাগে ৩৫ জনের হাম নিশ্চিত হয়েছে। রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রামে একজন এবং খুলনায় একজন রয়েছেন। তবে এ সময়ে নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর তথ্য দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ ২০২৬ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪৮ হাজার ৬০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫ হাজার ২৬৯ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৯। অন্যদিকে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০৫।

এদিকে জাতীয় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬-এর আওতায় বিভাগীয় পর্যায়ে মোট লক্ষ্যমাত্রা ছিল ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। এর বিপরীতে টিকা দেওয়া হয়েছে ২ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৮৭৮ জনকে। এতে টিকাদানের হার দাঁড়িয়েছে ১২১ দশমিক ১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ হাজার ২৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ৯৯ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি সন্দেহজনক হাম রোগীর মোট সংখ্যা ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ২ লাখ ১২ হাজার ৪০২ জন।

সূত্র: স্বাস্থ্য অধিদপ্তর

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}