২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। ফলে ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে করা আবেদনটি আদালতে গ্রহণযোগ্যতা পায়নি।

রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী জাহিদ তালুকদার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।

এর আগে ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে রিটটি দায়ের করেন মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ। রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং অধিদপ্তরের একজন উপসচিবকে বিবাদী করা হয়।

রিটকারীর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি বাদ দিয়ে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।

তবে পরবর্তী সময়ে ক্ষমতায় আসার পর বিএনপি সরকার লটারি পদ্ধতি বাতিল করে স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। গত ১৬ মার্চ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান। একই দিন শিক্ষা মন্ত্রণালয় থেকে লটারি পদ্ধতি বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়।

পরে সংশোধিত আরেকটি প্রজ্ঞাপনে জানানো হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে পরীক্ষার মাধ্যমে। তবে প্রথম শ্রেণিতে আগের মতোই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে।

ভর্তি পদ্ধতি নিয়ে এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। তবে আদালত আবেদনটি খারিজ করে দিয়েছেন।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}