শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই পরিস্থিতিতে আরও পাঁচটি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় একটি কারখানার সামনে শ্রমিকদের অবস্থান নিতে দেখা যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে শ্রমিকেরা সেখান থেকে সরে যান। এ ছাড়া গাজীপুর মহানগরীর কোনাবাড়ি ও জরুন এলাকাতেও বিচ্ছিন্নভাবে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করছেন। এর প্রভাবে কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ রাখা হয়েছে এবং কোথাও কোথাও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শ্রম আইন অনুযায়ী, ২০০৬ সালের শ্রম আইনের ১৩(১) ধারা প্রয়োগ করে কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ এলাকার ইন্টারস্টফ অ্যাপারেলস লিমিটেডসহ মৌচাক ও কোনাবাড়ি এলাকার মোট ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ছাড়া মৌচাক, কোনাবাড়ি ও জরুন এলাকার পরিস্থিতি বিবেচনায় আরও পাঁচটি কারখানায় রোববারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে এসব কারখানায় পরবর্তী সময়ে উৎপাদন কার্যক্রম কখন শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষের ধারাবাহিকতায় শ্রম আইন অনুযায়ী ১৩টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় সেগুলো খুলে দিতে পারে। কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

গাজীপুরে প্রায় ২ হাজার ১০০টি পোশাক কারখানা রয়েছে। বন্ধ ঘোষিত কারখানাগুলোর বাইরে অধিকাংশ কারখানায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}