নওগাঁয় চুরি হওয়ার এক রাতের মধ্যেই একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানা পুলিশের তাৎক্ষণিক অভিযান, বিভিন্ন জেলার পুলিশের সমন্বিত তল্লাশি এবং স্থানীয় জনগণের সহযোগিতায় বগুড়ার কাহালু এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। তবে পুলিশের তল্লাশির মুখে ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায় চোরেরা।
উদ্ধার হওয়া ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৪-৭১৯৭। ট্রাকটির মালিক মোঃ কাজল (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে কাজল নওগাঁ সদর মডেল থানাধীন রাজাকপুর ট্রাক টার্মিনালে ট্রাকটি পার্কিং করে বাড়িতে চলে যান। পরদিন ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে অজ্ঞাতনামা চোরেরা ট্রাকটির কেবিনের জানালার কাচ ভেঙে সেটি নিয়ে পালিয়ে যায়।
ট্রাক চুরির বিষয়টি জানার পর ৯৯৯-এর মাধ্যমে নওগাঁ সদর মডেল থানা পুলিশকে অবহিত করা হয়। খবর পাওয়ার পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তাঁর নির্দেশনায় তাৎক্ষণিকভাবে নাটোর, বগুড়া ও জয়পুরহাট জেলা পুলিশসহ হাইওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।
এরপর চুরি হওয়া ট্রাকটি উদ্ধারে বিভিন্ন সড়কে পুলিশের চেকপোস্ট বসানো এবং যানবাহনে তল্লাশি জোরদার করা হয়। বিভিন্ন জেলার পুলিশের সমন্বিত তৎপরতায় চোরদের পালানোর পথ সংকুচিত হয়ে আসে।
পুলিশের ধারাবাহিক চেকপোস্ট ও তল্লাশির মুখে চোরেরা ১৪ নভেম্বর রাত ১টার দিকে বগুড়া জেলার কাহালু থানাধীন কাহালু বেতার কেন্দ্রের সামনে পাকা সড়কের ওপর ট্রাকটি ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে ট্রাকের মালিক মোঃ কাজল এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় পুলিশ ট্রাকটি উদ্ধার করে নওগাঁয় নিয়ে আসে। এতে চুরি হওয়ার এক রাতের মধ্যেই ট্রাকটি ফিরে পান মালিক।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ, আন্তজেলা সমন্বয় এবং সাধারণ মানুষের সহযোগিতায় চুরি হওয়া ট্রাক উদ্ধারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এ ঘটনা অপরাধ প্রতিরোধে দ্রুত তথ্য প্রদান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জনগণের সহযোগিতার গুরুত্বও তুলে ধরেছে।