ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনাকে আরও সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট জেমিনিতে ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার সুবিধা চালু করছে গুগল। নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ব্যাংক হিসাবের তথ্য বিশ্লেষণ করতে এবং আয়-ব্যয় সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে পারবেন। গুগল ওয়ালেটের ইন্টিগ্রেশনের মাধ্যমে এ সুবিধা ব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করার পর ব্যবহারকারীরা জেমিনিকে নিজেদের আর্থিক লেনদেন ও খরচ সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। এতে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার পাশাপাশি কোথায় অপ্রয়োজনীয় খরচ হচ্ছে, তা শনাক্ত করতেও সহায়তা মিলবে।

গুগলের দেখানো উদাহরণ অনুযায়ী, কোনো নির্দিষ্ট সাবস্ক্রিপশনের মূল্য বেড়ে গেলে জেমিনি সেটি শনাক্ত করতে পারবে। ফলে ব্যবহারকারীরা কোন খাতে আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করছেন, তা সহজে বুঝতে পারবেন। অপ্রয়োজনীয় বা ভুলে চালু থাকা সাবস্ক্রিপশন খুঁজে বের করেও অর্থ সাশ্রয়ের সুযোগ তৈরি হতে পারে।

শুধু খরচের হিসাব দেখানো নয়, নির্দিষ্ট সময়ের জন্য বাজেট তৈরিতেও সহায়তা করবে জেমিনি। ব্যবহারকারীরা ছুটির দিনের ভ্রমণ কিংবা অন্য কোনো পরিকল্পনার জন্য বাজেট তৈরি করতে চ্যাটবটটির সাহায্য নিতে পারবেন। এ ক্ষেত্রে ক্যাশ ফ্লো বা অর্থের প্রবাহ, সম্পদ বণ্টনসহ বিভিন্ন আর্থিক তথ্যের গতিশীল চার্ট ও বিশ্লেষণ পাওয়ার সুবিধা থাকবে।

সাধারণ ব্যাংকিং অ্যাপের বাইরে ব্যক্তিগত আর্থিক তথ্যকে সহজে বুঝতে পারার মতো করে উপস্থাপন করাই এ সুবিধার অন্যতম উদ্দেশ্য। ব্যবহারকারীরা নিজেদের আর্থিক পরিস্থিতি সম্পর্কে স্বাভাবিক ভাষায় প্রশ্ন করতে পারবেন। ফলে আলাদা করে বিভিন্ন লেনদেনের হিসাব ঘেঁটে দেখার প্রয়োজন কমতে পারে।

তবে ব্যক্তিগত আর্থিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগও রয়েছে। কারণ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট কখনো কখনো ভুল তথ্য বা বিশ্লেষণ দিতে পারে। আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে এমন ভুল ব্যবহারকারীদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

এ বিষয়ে গুগল জানিয়েছে, নতুন সুবিধার মাধ্যমে জেমিনি কেবল ব্যাংক অ্যাকাউন্টের তথ্য পড়তে পারবে। এটি ব্যবহারকারীর হয়ে কোনো অর্থ স্থানান্তর, ব্যাংক হিসাব পরিচালনা কিংবা বিনিয়োগ করতে পারবে না। অর্থাৎ, এটি মূলত আর্থিক তথ্য বিশ্লেষণ ও পরামর্শ দেওয়ার একটি ব্যবস্থা।

এ সুবিধা সম্পূর্ণ ঐচ্ছিক। ব্যবহারকারীরা চাইলে এটি চালু বা বন্ধ করতে পারবেন। গুগলের পরিকল্পনা অনুযায়ী, ওয়েব ও মোবাইল—উভয় প্ল্যাটফর্মেই এ ইন্টিগ্রেশন চালু হচ্ছে।

ব্যবহারকারীদের আরও বিস্তারিত আর্থিক তথ্য ও বিশ্লেষণ দেওয়ার জন্য ফিনটেক প্রতিষ্ঠান প্লেইডের সঙ্গেও অংশীদারত্ব করেছে গুগল। তবে এ অংশীদারত্বের প্রযুক্তিগত দিক ও সুবিধার বিস্তারিত এখনো প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}