একসময় আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার গতির রেকর্ড গড়া যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক যাত্রীবাহী জাহাজ ‘এসএস ইউনাইটেড স্টেটস’কে সাগরের তলদেশে ডুবিয়ে দেওয়া হয়েছে। ফ্লোরিডার উপকূলে মেক্সিকো উপসাগরে জাহাজটিকে পরিকল্পিতভাবে ডুবিয়ে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপ দেওয়া হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডেস্টিন উপকূল থেকে প্রায় ২২ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়। কয়েক ঘণ্টার প্রক্রিয়া শেষে রাত ৯টার পর এটি পুরোপুরি পানির নিচে চলে যায়। আবহাওয়াজনিত কারণে আগে নির্ধারিত সময়ের এক দিন আগেই জাহাজটি ডুবানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

১৯৫২ সালে প্রথম সমুদ্রযাত্রা শুরু করা এসএস ইউনাইটেড স্টেটসের দৈর্ঘ্য প্রায় ৯৯০ ফুট। অন্যদিকে, বিখ্যাত টাইটানিকের দৈর্ঘ্য ছিল ৮৮২ ফুট ৯ ইঞ্চি। অর্থাৎ টাইটানিকের চেয়েও বড় ছিল মার্কিন এই যাত্রীবাহী জাহাজটি।

প্রথম যাত্রাতেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ইতিহাস গড়ে এসএস ইউনাইটেড স্টেটস। মাত্র ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক অতিক্রম করে যাত্রীবাহী জাহাজের দ্রুততম যাত্রার রেকর্ড গড়ে এটি। জাহাজটির সেই রেকর্ড এখনো অক্ষত রয়েছে। ১৭ বছর যাত্রী পরিবহনের পর ১৯৬৯ সালে বাণিজ্যিকভাবে এর চলাচল বন্ধ হয়ে যায়।

দীর্ঘদিন ফিলাডেলফিয়ায় পড়ে থাকার পর জাহাজটির ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা করা হলেও তা বাস্তবায়িত হয়নি। রক্ষণাবেক্ষণের বিপুল ব্যয় এবং পুনরুদ্ধারের জটিলতার কারণে শেষ পর্যন্ত এটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি প্রায় ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়। এরপর সেটিকে কৃত্রিম প্রবালপ্রাচীরে পরিণত করার উদ্যোগ নেওয়া হয়।

ডুবিয়ে দেওয়ার আগে জাহাজটিকে পরিবেশের জন্য নিরাপদ করতে এক বছরের বেশি সময় ধরে প্রস্তুত করা হয়। জ্বালানি, তার, বিভিন্ন অক্ষতিকর নয় এমন উপাদান ও সম্ভাব্য দূষণকারী সামগ্রী সরিয়ে ফেলা হয়। পানির নিচে জাহাজটি যেন সোজাভাবে অবস্থান করতে পারে, সে জন্য কাঠামোর বিভিন্ন জায়গায় বিশেষ ছিদ্রও তৈরি করা হয়। বিস্ফোরক ব্যবহার না করে নিয়ন্ত্রিত পদ্ধতিতে সমুদ্রের পানি প্রবেশ করিয়ে জাহাজটিকে ডুবানো হয়।

ফ্লোরিডার মৎস্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিশন জানিয়েছে, জাহাজটি এখন সামুদ্রিক প্রাণীর আবাসস্থল হিসেবে গড়ে উঠবে। সময়ের সঙ্গে এর গায়ে শৈবাল, স্পঞ্জ, প্রবাল ও অন্যান্য সামুদ্রিক জীবের বসতি তৈরি হবে। এসব জীবের উপস্থিতি ছোট মাছকে আকৃষ্ট করবে, যা বড় মাছের জন্যও খাদ্য ও আশ্রয়ের পরিবেশ তৈরি করবে।

কৃত্রিম প্রবালপ্রাচীর সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি মাছ ধরা ও পানির নিচে ভ্রমণের সুযোগ বাড়াতে পারে। ওকালুসা কাউন্টির আশা, ঐতিহাসিক জাহাজটি একদিকে সামুদ্রিক বাস্তুতন্ত্রে নতুন আবাসস্থল তৈরি করবে, অন্যদিকে ডুবুরি ও পর্যটকদের আকর্ষণ করে স্থানীয় অর্থনীতিতেও অবদান রাখবে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}