বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে আগামী ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আরও শক্তি সঞ্চয় করে ১৮ নভেম্বরের মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন উপকূলের দিকে এগোবে বা কোথায় আঘাত হানতে পারে, তা এখনো নিশ্চিত নয়।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। ভারতের সংবাদমাধ্যম ওড়িশা টিভিও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

আইএমডির তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ইতোমধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি একই এলাকায় নিম্নচাপে রূপ নিতে পারে। এরপর উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ১৬ নভেম্বর সন্ধ্যার দিকে দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘আকভান’। পরে সাগরের ওপর আরও শক্তি সঞ্চয় করে ১৮ নভেম্বরের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। এটি ভারতের কোন উপকূল, বাংলাদেশের উপকূল কিংবা অন্য কোনো এলাকার দিকে অগ্রসর হবে, সে বিষয়ে আইএমডি এখনো নির্দিষ্ট পূর্বাভাস দেয়নি। ফলে কোথায় আঘাত হানতে পারে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে গতিপথ, শক্তি ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে আরও তথ্য জানানো হবে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থাটি। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী সতর্কবার্তার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}