ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর সম্ভাবনা নিয়ে সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোটের সঙ্গে আলোচনা করেছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। তবে নতুন করে হামলার বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে আইজেনকোটের বৈঠক হয়। সেখানে ইরানসংক্রান্ত গোয়েন্দা তথ্য তুলে ধরে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করেন নেতানিয়াহু। একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এসব তথ্য জানার পর ইরানে হামলার বিষয়ে নেতানিয়াহুর উদ্দেশ্য সম্পর্কে আইজেনকোটের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে।

তবে আইজেনকোটের কাছে মোসাদপ্রধান রোমান গোফমানের ওয়াশিংটন সফরের বিষয়ে তথ্য ছিল না বলে চ্যানেল ১২ জানিয়েছে। গোফমান ইরান ইস্যুতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে গেছেন। তাঁকে ইচ্ছাকৃতভাবে এ সফরের বিষয়ে জানানো হয়নি কি না, সে বিষয়ে সংবাদমাধ্যমটি নিশ্চিত কিছু জানায়নি।

ইসরায়েলে সরকার পরিবর্তনের প্রক্রিয়ার মধ্যেই এ বৈঠক হয়েছে। গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন আইজেনকোট। এর আগে তিনি সতর্ক করেছিলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে নেতানিয়াহুর তত্ত্বাবধায়ক সরকার যেন জরুরি হুমকি ছাড়া কোনো সামরিক অভিযান না চালায়।

এদিকে ইরানে হামলার সময় নিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যেও সতর্ক অবস্থানের কথা উঠে এসেছে। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, সেনাপ্রধান ইয়াল জামির ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সম্ভাবনাকে সমর্থন করলেও বর্তমান সময়কে উপযুক্ত মনে করছেন না। তাঁর মতে, যেকোনো পদক্ষেপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় এবং পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন।

কানের বরাতে এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী এই মুহূর্তে ইরানের দিক থেকে এমন কোনো তাৎক্ষণিক হুমকি দেখছে না, যার কারণে নতুন করে হামলা চালানো জরুরি। দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি নিয়েও সতর্ক করেছে সামরিক সূত্রটি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনাও তারা নাকচ করেছে।

অন্যদিকে, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমর্থন পেতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, মোসাদপ্রধান রোমান গোফমান ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান জন র‍্যাটক্লিফের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন দূত স্টিভ উইটকফের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে।

চ্যানেল ১৩-এর তথ্য অনুযায়ী, গোফমান ইরানের পারমাণবিক কর্মসূচি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে গোয়েন্দা তথ্য তুলে ধরতে পারেন। পাশাপাশি তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা সমঝোতার শর্ত লঙ্ঘন করছে বলে ইসরায়েলের যে অভিযোগ, সেটিও তুলে ধরার কথা রয়েছে। তবে এ সফরের বিস্তারিত বিষয়ে মার্কিন বা ইসরায়েলি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এমন কোনো সমঝোতা হতে পারে, যাতে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিষয়ে সমাধান ছাড়াই তেহরানের ওপর চাপ কমে যায়—এমন আশঙ্কা রয়েছে ইসরায়েলের মধ্যে। ক্ষমতা হস্তান্তরের সময় সামরিক অভিযান নিয়ে এই তৎপরতা নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় কী প্রভাব ফেলবে, তা নিয়েও দেশটির বিরোধী রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}