বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট স্টারশিপের দুটি অংশই উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহু দিয়ে ধরে অবতরণের পরিকল্পনা করেছিল ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স। তবে সর্বশেষ পরীক্ষামূলক উড্ডয়নে সেই পরিকল্পনার প্রথম ধাপ ব্যর্থ হয়েছে। রকেটের নিচের অংশ সুপার হেভি বুস্টারকে টাওয়ারের বাহু দিয়ে ধরার চেষ্টা বাতিল করে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়। পরে সেটি আগুনের গোলায় পরিণত হয়ে ধ্বংস হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসের বোকা চিকায় স্টারবেস উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে ১২৪ মিটার দীর্ঘ স্টারশিপের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হয়। উৎক্ষেপণের প্রায় সাড়ে ছয় মিনিট পর বুস্টারটির উৎক্ষেপণ টাওয়ারে ফিরে আসার কথা ছিল। সেখানে ‘চপস্টিকস’ নামে পরিচিত বিশেষ যান্ত্রিক বাহু দিয়ে সেটিকে ধরে ফেলার পরিকল্পনা ছিল।

তবে কারিগরি সমস্যার কারণে শেষ পর্যন্ত বুস্টারটিকে উৎক্ষেপণকেন্দ্রে ফিরিয়ে আনার চেষ্টা বাতিল করা হয়। সেটিকে সমুদ্রের দিকে পাঠানো হলে মেক্সিকো উপসাগরে পড়ার আগে আগুন ধরে যায়। স্পেসএক্সের এক মুখপাত্র জানান, নিরাপত্তাই তাঁদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন প্রযুক্তি ও কৌশল পরীক্ষা করার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপ নিরাপদে সম্পন্ন করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

বুস্টারের অবতরণ পরিকল্পনা বাতিল হলেও রকেটের ওপরের অংশ ‘শিপ’ মহাকাশযাত্রা অব্যাহত রেখেছে। এটি স্টারলিংক নেটওয়ার্কের জন্য ২৬টি উন্নত কৃত্রিম উপগ্রহ কক্ষপথে স্থাপন করেছে। পরিকল্পনা অনুযায়ী, পৃথিবীকে প্রায় ১৪ বার প্রদক্ষিণ শেষে উৎক্ষেপণের প্রায় ২২ ঘণ্টা ৩০ মিনিট পর শিপটির পৃথিবীতে ফিরে আসার কথা। তখন সেটিকে উৎক্ষেপণ টাওয়ারের যান্ত্রিক বাহু দিয়ে ধরার চেষ্টা করা হতে পারে।

শিপকে ধরার চেষ্টা করা হবে কি না, তা নির্ভর করছে মহাকাশে অবস্থানকালে যানটির অবস্থা পর্যালোচনার ওপর। স্পেসএক্স জানিয়েছে, কোনো ত্রুটি ধরা পড়লে উড্ডয়নের বিভিন্ন পর্যায়ে শিপটিকে সমুদ্রে নামিয়ে দেওয়ার বিকল্প ব্যবস্থাও রয়েছে।

পুরো স্টারশিপকে পুনর্ব্যবহারযোগ্য করার সক্ষমতা যাচাইয়ের জন্য এই পরীক্ষা স্পেসএক্সের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এর আগে তিনটি পরীক্ষামূলক উড্ডয়নে সুপার হেভি বুস্টারকে সফলভাবে যান্ত্রিক বাহু দিয়ে ধরতে পেরেছে প্রতিষ্ঠানটি। তবে ওপরের অংশটি সেপ্টেম্বর মাসে প্রথমবার কক্ষপথে পৌঁছালেও এখন পর্যন্ত সেটিকে এভাবে ধরার চেষ্টা করা হয়নি। আগের পরীক্ষাগুলোতে সেটি সমুদ্রে অবতরণ করেছে।

রকেটের সব অংশ পুনর্ব্যবহারের লক্ষ্য স্পেসএক্সের দীর্ঘদিনের। ২০১৫ সালে প্রতিষ্ঠানটি ফ্যালকন-৯ রকেটের বুস্টার উল্লম্বভাবে অবতরণ করিয়ে মহাকাশযাত্রায় নতুন সম্ভাবনা তৈরি করে। বর্তমানে ফ্যালকন-৯ বছরে শতাধিকবার উড্ডয়ন করছে। বুস্টার পুনর্ব্যবহারের ফলে মহাকাশে পণ্য পাঠানোর ব্যয় কমানো সম্ভব হয়েছে।

রয়্যাল অ্যারোনটিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ম্যালকম ম্যাকডোনাল্ডের মতে, পুরো রকেট পুনর্ব্যবহারযোগ্য করা গেলে মহাকাশে যাতায়াতের অর্থনীতি আমূল বদলে যেতে পারে। তবে একটি সফল পরীক্ষামূলক উড্ডয়নই এ ব্যবস্থার কার্যকারিতা প্রমাণের জন্য যথেষ্ট নয়। নিয়মিত পরিচালনার উপযোগী রকেট তৈরির পথে স্টারশিপের এই পরীক্ষা গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

সূত্র: বিবিসি

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}