ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের পর যেসব শিক্ষার্থীর ফল ভালো হবে, তাঁরাও যেন উচ্চশিক্ষায় ভর্তির আবেদনের সুযোগ পান, সে বিষয়টি বিবেচনায় নিয়ে এ অনুরোধ জানিয়েছেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির (বিসিএস) ৪২তম বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আবেদনের সময় বাড়ানোর অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভর্তি আবেদনের সময়সীমা ২৫ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করেছেন। আমি তাকে অনুরোধ করবো, সময়সীমা আরও কয়েক দিন বাড়াতে। যাতে পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফল ভালো হবে, তারাও ভর্তির আবেদনের সুযোগ পায়।’

এ সময় আগের সরকারের শিক্ষা খাতের কর্মকাণ্ডের সমালোচনা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আগের সরকার শিক্ষা খাতের প্রতি কতটা উদাসীন ছিল, তা অবিশ্বাস্য। নিজের দপ্তরে বসে আগের সরকারের কর্মকাণ্ড পর্যালোচনা করতে গিয়ে শিক্ষা খাতের উন্নয়নে এতটা উদাসীনতা কীভাবে সম্ভব, তা বিশ্বাস করতে কষ্ট হয় বলেও মন্তব্য করেন তিনি।

পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষমতা নিয়ে আইন সংশোধনের বিষয়েও বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, এ বছর জাতীয় সংসদে ১৯৮০ খ্রিষ্টাব্দের আইন সংশোধন করে ২০২৬ খ্রিষ্টাব্দের নতুন আইন পাস করা হয়েছে। নতুন এই আইনের মাধ্যমেই পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ক্ষমতা দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রীর অনুরোধের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হবে কি না, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}