বরিশালের দুটি বেসরকারি কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। কলেজ দুটি হলো উজিরপুর উপজেলার উজিরপুর আলহাজ্ব বি এন খান ডিগ্রি কলেজ এবং বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠান দুটির জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক দুটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠি দুটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল থেকে কলেজ দুটি জাতীয়করণের প্রস্তাব পাওয়া গেছে। এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠান দুটির জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করতে সরেজমিনে পরিদর্শন করে বিস্তারিত প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে।

প্রতিবেদনে সংশ্লিষ্ট উপজেলার আয়তন, ইউনিয়নের সংখ্যা ও মোট জনসংখ্যার তথ্য অন্তর্ভুক্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি কলেজ দুটি জাতীয়করণের যৌক্তিকতা এবং সংশ্লিষ্ট উপজেলায় বর্তমানে কতটি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে, তা উল্লেখ করতে বলা হয়েছে।

এ ছাড়া প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে নির্ধারিত ছকে পৃথকভাবে প্রতিবেদন প্রস্তুত করতে মাউশিকে অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রতিবেদনটি মন্ত্রণালয়ে পাঠানোর পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে কলেজ দুটি জাতীয়করণের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বর্তমানে প্রতিষ্ঠান দুটির জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া চলছে।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}