ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নবীনবরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. মামুন আল রশীদ।

অনুষ্ঠানে নেত্রকোনা জেলার বিভিন্ন বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। পরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশীদ। তিনি বলেন, বয়স ও অভিজ্ঞতার আলোকে বড়দের দিকনির্দেশনা মেনে চলা উচিত। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ভর করে বর্তমানের প্রস্তুতি ও সততার ওপর। এখন সঠিক পথে চললে ভবিষ্যতে সফল হওয়া সম্ভব, অন্যদিকে বিপথে গেলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়তে পারে।

জ্যেষ্ঠ ও কনিষ্ঠ শিক্ষার্থীদের আচরণ এবং কর্মপদ্ধতি থেকে পরবর্তী প্রজন্ম শিক্ষা নেবে উল্লেখ করে তিনি সবাইকে দায়িত্বশীলতা ও সততার সঙ্গে চলার আহ্বান জানান।

প্রধান অতিথি অধ্যাপক ড. আব্দুল করিম শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, আদর্শিক কারণে ভিন্ন দল বা সংগঠন থাকতে পারে। তবে নিজ জেলার স্বার্থে সবাইকে মিলেমিশে থাকতে হবে এবং একে অপরের প্রতি আন্তরিক হতে হবে।

শিক্ষার্থীদের মনে হিংসা-বিদ্বেষ না রেখে মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করার পরামর্শ দেন তিনি। অধ্যাপক আব্দুল করিম বলেন, সব সময় মানুষের উপকার করার নিয়ত রাখা উচিত। একটি ভালো কথার মাধ্যমেও কারও উপকার করা গেলে সেটিও সদকা হিসেবে গণ্য হতে পারে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}