বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় কনস্যুলার সংলাপ আপাতত স্থগিত করা হয়েছে। দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে নয়াদিল্লি। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করেছে ভারত।

শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায় ভারত। দুই দেশের মধ্যে বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় যোগাযোগ অব্যাহত রয়েছে। বাণিজ্য, রেল যোগাযোগ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ নানা বিষয়ে দুই দেশের মধ্যে বৈঠক হয়েছে।

রণধীর জয়সওয়াল জানান, পারস্পরিক সুবিধা বিবেচনা করে পরবর্তী কনস্যুলার সংলাপের তারিখ ঠিক করা হবে। ওই বৈঠকে সংশোধিত ভ্রমণব্যবস্থাসংক্রান্ত বিষয়গুলোও আলোচনার জন্য রাখা হবে।

তিনি আরও বলেন, বিদ্যমান কাঠামোর আওতায় কারিগরি পর্যায়সহ বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছে ভারত।

সম্প্রতি শেখ হাসিনার দিল্লি থেকে দেওয়া ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। গত ৫ আগস্ট নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর তাঁর প্রত্যর্পণের দাবি আবারও জানায় বাংলাদেশ।

তবে ওই বক্তব্যের আয়োজনে ভারতের কোনো সংশ্লিষ্টতা ছিল না এবং শেখ হাসিনার বক্তব্যকে নয়াদিল্লি সমর্থন করে না বলে জানিয়েছিল দেশটির সরকার।

২০২৪ সালের আগস্টে সরকারবিরোধী আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। ৭৮ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী এরপর থেকে দিল্লিতে অবস্থান করছেন। তাঁর অবস্থান ও প্রত্যর্পণের দাবি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে রয়েছে।

সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}