দীর্ঘ কয়েক বছর বন্ধ থাকার পর মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) সিরাজগঞ্জ ক্যাম্পাসের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে আবারও শিক্ষার্থী ভর্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে অনুষদটিতে ৪০ জন শিক্ষার্থী ভর্তির বিষয়ে সম্মতি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

গত ১২ নভেম্বর ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ থেকে পাঠানো এক চিঠিতে এ সম্মতি ও পরামর্শ দেওয়া হয়। এর ফলে দীর্ঘ বিরতির পর অনুষদটিতে নতুন শিক্ষার্থী ভর্তির সুযোগ তৈরি হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, সিরাজগঞ্জ ক্যাম্পাসের ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদে শিক্ষার্থী ভর্তির অনুমতি পাওয়া বিশ্ববিদ্যালয়ের জন্য আনন্দের ও ইতিবাচক সংবাদ। অতীতের সীমাবদ্ধতা ও সংকট কাটিয়ে প্রতিষ্ঠানটিকে মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রশাসন কাজ করছে। ৪০ জন শিক্ষার্থী ভর্তির বিষয়ে সম্মতি দেওয়ায় তিনি ইউজিসিকে ধন্যবাদ জানান।

উপাচার্য আরও বলেন, আধুনিক, বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানের ভেটেরিনারি শিক্ষা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। এ শিক্ষার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাণিসম্পদ খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও মানবিক গ্র্যাজুয়েট তৈরি করতে চান তাঁরা। মূল ক্যাম্পাসের পাশাপাশি সিরাজগঞ্জ ক্যাম্পাসের অবকাঠামো, পরীক্ষাগার ও গবেষণার সুযোগ সম্প্রসারণেও বিশ্ববিদ্যালয় প্রশাসন অগ্রাধিকার দিচ্ছে। এ ছাড়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৪০ জন শিক্ষার্থী ভর্তির জন্য অনুষদটিকে কৃষি গুচ্ছের আওতায় যুক্ত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।

অনুমোদিত একাডেমিক কাঠামো অনুযায়ী, অনুষদটির অধীনে রয়েছে নয়টি বিভাগ। এগুলো হলো—অ্যানাটমি অ্যান্ড হিস্টোলজি; ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড ফার্মাকোলজি; প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি; মাইক্রোবায়োলজি; মেডিসিন অ্যান্ড সার্জারি; অ্যানিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন; জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং; ডেইরি অ্যান্ড পোলট্রি সায়েন্স এবং এগ্রিকালচারাল ইকোনমিকস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড স্ট্যাটিসটিকস।

এ অনুষদে পাঁচ বছর মেয়াদি ‘বিএসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি’ ডিগ্রি দেওয়া হবে। এ ডিগ্রির মোট ক্রেডিট ২০০ থেকে ২২৮। ভবিষ্যতে ভেটেরিনারি বায়োমেডিকেল ও প্রাণিসম্পদ উৎপাদন বিষয়ে এমএস, এমফিল ও পিএইচডি পর্যায়ের উচ্চতর গবেষণা কার্যক্রম চালুর পরিকল্পনাও রয়েছে। বর্তমানে অনুষদটিতে পাঁচজন শিক্ষক ও ১০ জন কর্মচারী কর্মরত আছেন।

প্রাণিসম্পদ খাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আজুগড়ায় ২০১৩ সালের জুন থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত একটি সরকারি উন্নয়ন প্রকল্পের আওতায় অবকাঠামো নির্মাণ করা হয়। পরে ২০১৯ সালে প্রতিষ্ঠানটি ‘সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ’ নামে যাত্রা শুরু করে। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষে সেখানে শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল।

পরবর্তী সময়ে শিক্ষকসংকট, প্রশাসনিক জটিলতা ও শিক্ষার্থীদের আন্দোলনের কারণে সৃষ্ট সেশনজটের প্রেক্ষাপটে ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৪ সালের ২৯ জুন প্রতিষ্ঠানটিকে মাভাবিপ্রবির অনুষদ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। একই বছরের ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

বর্তমানে অনুষদটিতে দুই ব্যাচে মোট ৮৭ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। তাঁদের মধ্যে প্রথম ব্যাচের ৪৩ জন পঞ্চম বর্ষের প্রথম সেমিস্টারে এবং দ্বিতীয় ব্যাচের ৪৪ জন চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারে রয়েছেন।

ইউজিসির সম্মতির পর অনুষদটিতে নতুন শিক্ষার্থী ভর্তির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা এ উদ্যোগের জন্য উপাচার্যের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, বিধি অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ভর্তি কার্যক্রম শুরু করা হবে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}