ভারতের মধ্যপ্রদেশের ডিন্ডোরি জেলায় রসগোল্লা ভেবে একটি দেশীয় বোমায় কামড় দেওয়ার পর বিস্ফোরণে রাজেন্দ্র বারোটিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে পাডারিয়া গ্রামের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ঘটনার সময় রাজেন্দ্র নিজের বাড়িতে বসে ছিলেন। এ সময় রাম ভগত বারোটিয়া নামে এক ব্যক্তি সেখানে এসে তাঁর সঙ্গে কথা বলতে শুরু করেন। একপর্যায়ে রাম ভগত রাজেন্দ্রর হাতে একটি দেশীয় বোমা দিয়ে সেটিকে রসগোল্লা বলে দাবি করেন।

বস্তুটি বোমা বুঝতে না পেরে রাজেন্দ্র সেটি মুখে নিয়ে কামড় দেন। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের স্ত্রী সুশীলা বাই জানান, বস্তুটি ছিল পশু শিকারের কাজে ব্যবহৃত একটি বোমা। বিস্ফোরণের শব্দ শুনে তাঁরা প্রতিবেশীদের সহায়তা চান। পরে একটি অটোরিকশায় করে রাজেন্দ্রকে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ডিন্ডোরির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুর্গা প্রসাদ নাগপুরে জানান, এ ঘটনায় রাম ভগতসহ আরও একজনকে আটক করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার সময় চারপাশে অন্ধকার ছিল। ফলে রাজেন্দ্রর পক্ষে তাঁর হাতে দেওয়া বস্তুটি বোমা নাকি রসগোল্লা, তা বোঝা সম্ভব হয়নি। কামড় দেওয়ার সঙ্গে সঙ্গেই সেটিতে বিস্ফোরণ ঘটে।

জিজ্ঞাসাবাদে রাম ভগত দাবি করেছেন, এক কিশোর তাঁকে বোমাটি দিয়েছিল। ওই কিশোরকেও আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার পেছনে ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনো বিরোধ ছিল কি না, তা-সহ সব দিক খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাটি তদন্তাধীন।

সূত্র: এনডিটিভি

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}