বিশ্ববিদ্যালয়ের নাম ও বিভাগের লোগোযুক্ত জার্সি পরে সাইকেল চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জননেতা আব্দুল মান্নান হল এলাকায় আবারও সাইকেল চুরির চেষ্টা করতে গিয়ে শিক্ষার্থীদের হাতে আটক হন ওই ব্যক্তি। এর আগে গত ১০ নভেম্বর শহীদ আবরার ফাহাদ হলে সাইকেল চুরির ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে পুলিশের কাছে সোপর্দ করে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর শহীদ আবরার ফাহাদ হলে সাইকেল চুরির ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে দেখা যায়, অভিযুক্ত ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের নাম ও ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স (এফটিএনএস) বিভাগের লোগোযুক্ত একটি জার্সি পরে কৌশলে সাইকেল নিয়ে যাচ্ছেন।

এরপর ১২ নভেম্বর একই জার্সি পরে আবারও ক্যাম্পাসে আসেন তিনি। আগের ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে চিনতে পেরে জননেতা আব্দুল মান্নান হলের শিক্ষার্থীরা তাঁকে ঘিরে ফেলেন। পরে হাতেনাতে আটক করেন।

আটকের পর জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি সাইকেল চুরির কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সহায়তায় তাঁকে প্রক্টর কার্যালয়ে নেওয়া হয়। সেখান থেকে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে পুলিশ এসে তাঁকে নিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ বলেন, ‘আটক ব্যক্তিকে শিক্ষার্থীরা প্রক্টর অফিসে নিয়ে আসলে স্থানীয় পুলিশ ফাঁড়িকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে আটক করে নিয়ে যায়। এ বিষয়ে পুলিশ প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাঁদের দাবি, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের পাশাপাশি আবাসিক হল ও গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো প্রয়োজন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}