মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ এবং প্রয়োজন অনুযায়ী তা প্রচারের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মোবাইল কোর্টের কার্যক্রম আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দ করা মালামাল সংরক্ষণ, আপিল মামলায় সরকারপক্ষে নির্দিষ্ট আইনজীবী নিয়োগ এবং প্রতিটি জেলায় চার সদস্যের মিডিয়া সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি পরিবীক্ষণ শাখা থেকে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়। এতে মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে গত ৪ অক্টোবর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য ছয়টি নির্দেশনা দেওয়া হয়েছে।

পরিপত্র অনুযায়ী, মোবাইল কোর্টের প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণ করতে হবে। ধারণ করা ভিডিও মামলার নম্বর ও তারিখ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি (জে.এম) শাখা এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থায় সংরক্ষণ করতে হবে। ভিডিওর একটি কপি সংশ্লিষ্ট মিডিয়া সেলের কাছেও পাঠাতে হবে। মোবাইল কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল হলে প্রয়োজন অনুযায়ী এসব ভিডিও আপিল আদালতে সাক্ষ্য-প্রমাণ হিসেবে উপস্থাপন করা যাবে।

জব্দ করা মালামাল যথাযথভাবে সংরক্ষণের জন্য প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাকে নিরাপদ কক্ষ বা স্থাপনা নির্ধারণ করতে বলা হয়েছে। মালামাল গ্রহণ, সংরক্ষণ এবং প্রয়োজনে আদালতে উপস্থাপন বা হস্তান্তরের জন্য নির্দিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্ব দিতে হবে।

জব্দ করা মালামালের বিস্তারিত তথ্য সংরক্ষণে নির্ধারিত নমুনা অনুযায়ী রেজিস্টার রাখতে হবে। সংশ্লিষ্ট সহকারী কমিশনার প্রতিটি এন্ট্রিতে স্বাক্ষর করবেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতি মাসে অন্তত একবার সরেজমিনে মালামাল যাচাই করে রেজিস্টারে প্রতিস্বাক্ষর করবেন। পচনশীল বা দ্রুত নষ্ট হতে পারে—এমন মালামালের ক্ষেত্রে প্রচলিত বিধি-বিধান অনুসরণ করে নিষ্পত্তির ব্যবস্থা নিতে হবে।

মোবাইল কোর্ট থেকে উদ্ভূত আপিল মামলায় সরকারপক্ষে মামলা পরিচালনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটরা পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি ও সহকারী পাবলিক প্রসিকিউটরদের (এপিপি) মধ্য থেকে নির্দিষ্ট আইনজীবী নিয়োগ করবেন। এ বিষয়ে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করতে হবে। দায়িত্বপ্রাপ্ত আইনজীবীরা মামলার অগ্রগতি এবং প্রয়োজনীয় তথ্য ও নথিপত্রের বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়কে জানাবেন।

আপিল মামলার শুনানির জন্য প্রয়োজনীয় নথি, কাগজপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে ভিডিও সরবরাহ করবেন সংশ্লিষ্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এ কার্যক্রম সমন্বয় করবেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তার জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মচারীকে মোবাইল কোর্ট সহকারী বা পেশকার হিসেবে লিখিতভাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার নির্দেশও রয়েছে পরিপত্রে। জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট দপ্তর-সংস্থার প্রধানরা তাঁদের অধীনস্থ কর্মচারীদের মধ্য থেকে এ দায়িত্ব দেবেন। বিভাগীয় কমিশনারের কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সঙ্গে পরামর্শ করে আগামী এক মাসের মধ্যে তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করবে। প্রশিক্ষণপ্রাপ্ত কর্মচারীদের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠাতে হবে।

জনসচেতনতা বাড়াতে প্রতিটি জেলায় চার সদস্যের মিডিয়া সেল গঠন করতে বলা হয়েছে। জেলা প্রশাসকের মনোনীত একজন অতিরিক্ত জেলা প্রশাসক বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ সেলের আহ্বায়ক হবেন। জেলা তথ্য অফিসার বা সহকারী জেলা তথ্য অফিসার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের প্রোগ্রামার বা সহকারী প্রোগ্রামার সদস্য হিসেবে থাকবেন। জে.এম শাখার সিনিয়র বা সহকারী কমিশনার সদস্য-সচিবের দায়িত্ব পালন করবেন।

মিডিয়া সেল মোবাইল কোর্টের অভিযান ও কার্যক্রমের ভিডিও, স্থিরচিত্র এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। প্রয়োজনে এসব উপকরণ সম্পাদনা করে সরকারি ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, গণমাধ্যমসহ উপযুক্ত অন্যান্য মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে পারবে। এ কাজে জেলার অন্য কর্মকর্তাদের সহায়তা নেওয়া এবং প্রয়োজন অনুযায়ী কারিগরি সেবা ক্রয়ের সুযোগও রাখা হয়েছে। সংশ্লিষ্ট ব্যয় সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত খাত থেকে নির্বাহ করতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তর-সংস্থাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় মিডিয়া সেল গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে। মিডিয়া সেলকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৮ সালের ৩১ অক্টোবর জারি করা নির্দেশনা অনুযায়ীও দায়িত্ব পালন করতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব নাজমা সিদ্দিকা বেগম স্বাক্ষরিত পরিপত্রটি জারির দিন থেকেই কার্যকর হয়েছে। সূত্র: বাসস

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}