তুরস্কে চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে বাংলাদেশের অবস্থান ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দেশের প্রত্যাশা তুলে ধরবেন তিনি।
তিন দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে বুধবার সকালে সম্মেলনস্থলে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনেও অংশ নেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নতুন নেতৃত্বকে আন্তর্জাতিক নেতারা ইতিবাচকভাবে দেখছেন। নির্বাচনে ম্যান্ডেট পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছেন বিভিন্ন দেশের নেতারা।
বুধবার সম্মেলনের কার্যক্রমের বাইরে উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ ও চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে পৃথক বৈঠক করেন তারেক রহমান। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতার বিষয় উঠে আসে।
এ ছাড়া পাকিস্তান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিবের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও আঞ্চলিক স্থিতিশীলতার বিষয় গুরুত্ব পায়।
ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। অন্যদিকে, সিরিয়ার পক্ষ থেকে দেশটির পুনর্গঠন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশের সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারেক রহমান।
ইসলামি সহযোগিতা সংস্থার মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা তুলে ধরেন তিনি।
কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর ভাষণে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সফরের আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতা নিশ্চিত করার বিষয়টিও বাংলাদেশের আলোচনার গুরুত্বপূর্ণ অংশ।
বিশ্ব জলবায়ু সম্মেলনের এই অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর ভাষণের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের দাবি ও প্রত্যাশা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হবে।