গার্মেন্টস খাতে রাজনৈতিক উদ্দেশ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রমিকদের আন্দোলনে উসকানি দিয়ে কারখানা বন্ধ করার অপচেষ্টা সরকার কঠোর হাতে দমন করবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে চিংড়িমহাল ব্যবস্থাপনাবিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দেশের বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গার্মেন্টস কারখানা বন্ধ করার উদ্দেশ্যে কেউ উসকানিমূলক কর্মকাণ্ড চালালে সরকার তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
কারখানা বন্ধ রেখে শ্রমিকদের সড়কে অবস্থানের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বন্ধ থাকা কারখানাগুলো খুব শিগগিরই চালু করার ব্যবস্থা নেওয়া হবে। কিছু দুষ্কৃতকারী হামলার চেষ্টা করছে। শ্রমিকদের যেসব দাবি-দাওয়া ছিল, সেগুলো পূরণ করা হয়েছে। মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং শ্রমিকরাও সন্তুষ্ট হয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গার্মেন্টস ও নিট খাতের শ্রমিক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে। মালিকপক্ষের সঙ্গেও কথা হয়েছে। আলোচনায় সংশ্লিষ্ট সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। বর্তমানে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য গঠিত বোর্ডের কার্যক্রম শুরু হয়েছে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে আলোচনা ও দর-কষাকষির মাধ্যমে মজুরি নির্ধারণ করা হবে।
তিনি বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক হয়, এমন বিষয় বিবেচনায় নিয়ে ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য সরকারও মজুরি বোর্ডকে অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে বোর্ডে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমান পরিস্থিতিতে নতুন করে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এবং হীনস্বার্থ চরিতার্থ করতে পরাজিত ফ্যাসিবাদী শক্তির সঙ্গে সম্পর্কিত কোনো কোনো মহল গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে। এ ধরনের কর্মকাণ্ড সরকার কঠোর হস্তে দমন করবে।
তিনি আরও বলেন, দেশের পোশাকশিল্পের উৎপাদন ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।