বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট।
শুক্রবার (১৪ আগস্ট) দেওয়া এক যৌথ বিবৃতিতে জোটের নেতারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগাম শুভেচ্ছা জানান। বিবৃতিতে জোটের প্রধান সমন্বয়কারী ও মুসলিম লীগের সভাপতি ব্যারিস্টার নাসিম খান এবং মুখপাত্র ও বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাত এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে নেতারা বলেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রজ্ঞা ও বিচক্ষণতার মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে পারবেন বলে তারা আশাবাদী।
তাদের দাবি, হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন এবং জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন কর্মসূচিতে মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার দীর্ঘ রাজনৈতিক ভূমিকার কথাও বিবৃতিতে তুলে ধরা হয়।
সমমনা জোটের নেতারা আরও বলেন, রাজনীতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নির্বাচনে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
নেতারা আরও বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুশাসন প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদও জানান তারা।
বিবৃতিতে স্বাক্ষরকারী নেতাদের মধ্যে রয়েছেন এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী, এনডিপির চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন, ডেমোক্রেটিক লীগের সভাপতি মইনউদ্দিন কাদরী, জাগপার সভাপতি জাকির হোসেন রিয়াজ ও মহাসচিব খোকন চন্দ্র দাস। এছাড়া আবু সৈয়দ, জামিল আহমেদ ও সাইফুল আলমসহ জোটের আরও কয়েকজন নেতা বিবৃতিতে ছিলেন।