মাদারীপুরের রাজৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর নেজলা পুইস্তা (১৬) নামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আমগ্রাম ইউনিয়নের আমগ্রাম পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নেজলা পুইস্তা ওই এলাকার বাবুল পুইস্তার মেয়ে। সে আমগ্রাম উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হিসেবে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফল প্রকাশের পর নেজলা জানতে পারে ইংরেজি, গণিত, উচ্চতর গণিত ও রসায়ন বিষয়ে তার ফলাফল প্রত্যাশিত হয়নি। বিষয়টি জানার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা ফলাফল নিয়ে তাকে বকাঝকা করলে একপর্যায়ে সে নিজের শোবার ঘরে চলে যায়।
পরে পরিবারের লোকজন তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়।
আমগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক চৈতন্য কুমার বৈদ্য বলেন, নেজলা নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকত না। এ কারণে তার পড়াশোনায় প্রভাব পড়ে এবং ফলাফল খারাপ হতে পারে। তবে পরীক্ষায় খারাপ ফলাফল জীবনের সমাপ্তি নয়। পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও ছিল।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
বিশেষ বার্তা: পরীক্ষার ফলাফল খারাপ হওয়া জীবনের শেষ নয়। শিক্ষার্থী বা পরিবারের কেউ এমন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়লে কাছের মানুষ, শিক্ষক বা বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে কথা বলা এবং প্রয়োজনে পেশাদার সহায়তা নেওয়া গুরুত্বপূর্ণ।