পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলে র‌্যাগিংয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ল্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থী মো. হাবিবুর অসুস্থ হয়ে পড়েছেন। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে বিজয়-২৪ হলে ওই র‌্যাগিংয়ের ঘটনা ঘটে। পরে অসুস্থ শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে জানানো হয়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ীদের শনাক্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ দিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটিতে হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট এবং সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের রাখা হয়েছে। কমিটি ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বক্তব্য ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে প্রশাসনের কাছে প্রতিবেদন দেবে।

র‌্যাগিংয়ের ঘটনায় ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং সম্পূর্ণভাবে বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

পবিপ্রবির রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন বলেন, “তদন্তে অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।”

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}