কখনো শুনেছেন, শিরোপা জেতার পর ট্রফি উঁচিয়ে ধরতেও খেলোয়াড়দের ঘাম ঝরেছে? বেশিরভাগ মানুষের উত্তরই হবে, ‘না’। তবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ এমন এক শিরোপা জিতেছে, যার ট্রফি উঁচিয়ে ধরাই ছিল রীতিমতো চ্যালেঞ্জের। কারণ, ট্রফিটির ওজন ৪০ কেজি!

দেপোর্তিভো লা করুনার ঘরের মাঠ রিয়াজোরে স্বাগতিকদের ১-০ গোলে হারিয়ে ১০মবারের মতো তেরেসা হেরেরা ট্রফি জেতে রিয়াল মাদ্রিদ। মাঠের লড়াইয়ে জয়টা যতটা কঠিন ছিল, ম্যাচ শেষে ট্রফি উঁচিয়ে ধরাটা যেন ছিল তার চেয়েও বড় পরীক্ষা।

ইউক্রেনের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ‘ট্রিবিউনা ডটকম’ জানিয়েছে, টুর্নামেন্টের ঐতিহ্য অনুযায়ী বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় লা করুনার আইকনিক লাইটহাউসের আদলে তৈরি বিখ্যাত ‘তোরে দে হারকিউলিস’ ট্রফি। ১৯৭০ সাল থেকে এই ট্রফিই দেওয়া হয়ে আসছে।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল এই রুপালি শিরোপাটি মাটি থেকে তুলতেই বেশ বেগ পেতে হয়েছে রিয়াল অধিনায়ক ফেদেরিকো ভালভার্দে ও গোলকিপার আন্দ্রে লুনিনকে। কারণ, তেরেসা হেরেরা ট্রফিটির ওজন অবিশ্বাস্যভাবে ৪০ কেজি।

হারকিউলিসের টাওয়ারের আদলে তৈরি এবং সোনা ও রুপার প্রলেপে সজ্জিত এই ট্রফি স্প্যানিশ ফুটবলের অন্যতম আকর্ষণীয় ও স্বতন্ত্র পুরস্কার হিসেবে পরিচিত। তেরেসা হেরেরা ট্রফিতে সবচেয়ে বেশি ২৬টি শিরোপা জিতেছে দেপোর্তিভো লা করুনা।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}