বিশ্বকাপ ফাইনালের মহারণের ঠিক তিন সপ্তাহ পরই নতুন ইউরোপীয় ফুটবল মৌসুমের প্রথম শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি—প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও অ্যাস্টন ভিলা। অস্ট্রিয়ার সলজবুর্গের রেড বুল অ্যারেনায় আজ উয়েফা সুপার কাপে মুখোমুখি হবে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগের দুই চ্যাম্পিয়ন।
বাংলাদেশ সময় আজ বুধবার দিবাগত রাত ১টায় শুরু হবে বহুল প্রতীক্ষিত ম্যাচটি। সরাসরি সম্প্রচার করবে সনি স্পোর্টস ২। রিয়াল মাদ্রিদের (২০১৬ ও ২০১৭) পর আধুনিক ফুটবলের দ্বিতীয় দল হিসেবে টানা দুইবার উয়েফা সুপার কাপ জয়ের হাতছানি পিএসজির সামনে। গত আসরে শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটে টটেনহ্যামকে হারিয়ে শিরোপা জিতেছিল ফরাসি জায়ান্টরা।
আজ জিতলেই ইতিহাসের চতুর্থ ক্লাব হিসেবে টানা দুই সুপার কাপ জয়ের কীর্তি গড়বে পিএসজি। এর আগে এই অর্জন ছিল কেবল আয়াক্স, এসি মিলান ও রিয়াল মাদ্রিদের। পাশাপাশি শিরোপা জিতলে পিএসজি কোচ লুইস এনরিকের ট্রফি ক্যাবিনেটে যোগ হবে ১৩তম শিরোপা। পরিসংখ্যান অবশ্য তার প্রতিপক্ষ উনাই এমেরির পক্ষে নেই। এর আগে তিনটি সুপার কাপের প্রতিটিতেই হারের স্বাদ পেয়েছেন ভিলা কোচ। বিপরীতে এনরিকে নিজের খেলা দুটি সুপার কাপের দুটিতেই জয়ের দেখা পেয়েছেন।
ইতিহাসে এটি অ্যাস্টন ভিলার দ্বিতীয় সুপার কাপ ম্যাচ। ১৯৮৩ সালে প্রথমবার এই মঞ্চে নেমেই শক্তিশালী বার্সেলোনাকে দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল ইংলিশ ক্লাবটি। অন্যদিকে, পিএসজির জন্য এটি তৃতীয় সুপার কাপ ফাইনাল। গত বছর টটেনহ্যামকে হারিয়ে শিরোপা জয়ের আগে ১৯৯৭ সালে জুভেন্টাসের কাছে দুই লেগ মিলিয়ে ৯-২ গোলে বিধ্বস্ত হওয়ার তিক্ত অভিজ্ঞতা রয়েছে তাদের।
তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি আজকের ম্যাচে আলাদা নজর থাকবে রেফারি ওমর আর্তানের দিকেও।
সদ্য সমাপ্ত বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েও সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিহীন সন্দেহে যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়েছিল। ঘটনাটি ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। পরবর্তীতে গুরুত্বপূর্ণ এই ম্যাচের দায়িত্ব দিয়ে সোমালিয়ার এই রেফারিকে বিশেষ মর্যাদা দিয়েছে উয়েফা। আর আজ ইউরোপের অভিজাত ফুটবলের মঞ্চে বাঁশি বাজিয়ে ইতিহাস গড়তে যাচ্ছেন ওমর আর্তান—প্রথম সোমালি রেফারি হিসেবে উয়েফা সুপার কাপ পরিচালনা করবেন তিনি।