গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী কুশলা খাল অবৈধ দখলের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। দ্রুত এই পদক্ষেপে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ। এ সময় কোটালীপাড়া থানা পুলিশের উপপরিদর্শক সাদ্দাম হোসেন, কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী কালু, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রবাহমান শতবর্ষী এই খালটি গত রোববার কিছু অসাধু ব্যক্তি বাঁশের পাইলিং বসিয়ে অবৈধভাবে দখল করে নেয়। বিষয়টি প্রশাসনের নজরে আসার পরপরই দ্রুত অভিযান চালানো হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরী কালু জানান, কুশলা খালটি আশপাশের ৬ থেকে ৭টি গ্রামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি সেচসহ দৈনন্দিন বিভিন্ন কাজে এই খালের পানি ব্যবহার করা হয়। খালটি দখল হয়ে গেলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়তো।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ বলেন, সরকারি জলাশয় রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। কুশলা খাল দখলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান পরিচালনা করে খালটি উদ্ধার করা হয়েছে। দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে প্রশাসনের দ্রুত পদক্ষেপে খালটি দখলমুক্ত হওয়ায় স্থানীয় সর্বস্তরের মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা অবৈধ দখলকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}