যশোরের শার্শা উপজেলার শার্শা-কাশিপুর সড়কে ইজিবাইক চলাচলে বাধা দেওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ইজিবাইক চালকরা। বুধবার সকালে নিজামপুর বাজার এলাকায় শতাধিক চালক এ কর্মসূচিতে অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই সড়কে ইজিবাইক চলাচল স্বাভাবিক থাকলেও সম্প্রতি সিএনজি চালকদের পক্ষ থেকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ ছড়িয়ে পড়ে ইজিবাইক চালকদের মধ্যে।

বিক্ষোভকারীরা জানান, হঠাৎ করেই সিএনজি চালকরা তাদের সড়কে চলাচলে বাধা দিচ্ছেন। শুধু তাই নয়, বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও মারধরের ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তারা। এতে তাদের জীবিকা হুমকির মুখে পড়েছে বলে দাবি চালকদের।

তারা দ্রুত এ সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

বিক্ষোভ শেষে চালকরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

এ সময় উপস্থিত ছিলেন ইজিবাইক মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীনসহ সোহাগ হোসেন, সৈয়দ আলী ও আনিসুর রহমান প্রমুখ।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}