দেশে চলমান জ্বালানি তেলের সংকট মোকাবেলায় ভারত থেকে তৃতীয় দফায় আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে এ তেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছেছে।

শুক্রবার (২৭ মার্চ) সকালে প্রায় ৫৭ লাখ লিটার ডিজেল পরিবহন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। এর আগে মঙ্গলবার (২৪ মার্চ) ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে পাইপলাইনের মাধ্যমে তেল পাঠানো শুরু হয়। প্রায় ৬০ ঘণ্টা পর শুক্রবার ভোরে এটি পার্বতীপুরে পৌঁছায়।

সকাল সাড়ে ৮টার দিকে রিসিপ্ট টার্মিনাল থেকে পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিনটি জ্বালানি বিপণন কোম্পানির কাছে ডিজেল সরবরাহ করা হয়।

পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর ইনচার্জ আহসান হাবিব জানান, ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আসা এই চালান সফলভাবে গ্রহণ ও বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, সাধারণত ভারত থেকে তেল আসতে ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগে।

চলতি বছরে এ পর্যন্ত তিন দফায় মোট ১৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। এছাড়া আগামী শনিবার (২৮ মার্চ) আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল দেশে পৌঁছানোর কথা রয়েছে।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছুটির দিনেও ডিপো খোলা রেখে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}