পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২১ মার্চ) বঙ্গভবন থেকে পাঠানো এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার মধ্য দিয়ে মানুষ আত্মশুদ্ধির সুযোগ লাভ করে এবং অন্যায় ও পাপাচার থেকে দূরে থাকার মাধ্যমে উত্তম চরিত্র গঠনে উদ্বুদ্ধ হয়। এই মূল্যবোধ ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক প্রভাব ফেলে।

তিনি আরও উল্লেখ করেন, ঈদের দিনে ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়। এতে সমাজে সাম্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হয়, যা একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক ও জ্বালানি সংকটের প্রসঙ্গ তুলে রাষ্ট্রপতি সমাজের বিত্তবানদের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

বাণীর শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ, মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, ঈদের আনন্দ সবার জীবনে বয়ে আনবে প্রশান্তি ও কল্যাণ।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}