মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে মঙ্গলবার (১৭ মার্চ) পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঘটকচর ও সমাদ্দার এলাকায় এই দুর্ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, মোক্তার হোসেন স্ত্রী ও সন্তানসহ প্রাইভেটকারে গ্রামের বাড়ি ফিরছিলেন। ঘটকচর এলাকায় ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়, ডান চাকা ফেটে যায়। তবে কেউ গুরুতর আহত হয়নি।

সমাদ্দার এলাকায় ঢাকাগামী দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষেও অন্তত ৫ যাত্রী আহত হয়েছেন। দুই দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী মোক্তার হোসেন বলেন, “স্ত্রী-সন্তান নিয়ে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলাম। একটি ট্রাক আমাদের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। পরে গাড়ি রাস্তার ওপর আটকে যায়। আমরা প্রাণে বেঁচেছি। ট্রাকটি পালিয়ে গেছে। আমি চাই, ট্রাকটিকে দ্রুত শনাক্ত ও শাস্তি দেওয়া হোক।”

মস্তফাপুর হাইওয়ে থানার এস আই মো. মতিউর রহমান জানান, ঈদের আগে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষের ট্রাকটি শনাক্ত করা যায়নি। এর পাশাপাশি থ্রি-হুইলার ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রত্যক্ষদর্শীরা মহাসড়কের সংকটের কারণে দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে দ্রুত এক্সপ্রেসওয়ে করার দাবি জানিয়েছেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}