স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকার সব ক্ষেত্রে তদবির নয়, মেধার গুরুত্ব দেবে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা সমিতির ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “আমাদের ছেলে-মেয়েরা শুধু ঘুরাফেরা করে চাকরি খুঁজে বেড়াচ্ছে। এভাবে চাকরি পাওয়া সম্ভব নয়। তাই নিজেদেরকে আত্ম-কর্মসংস্থানের দিকে ধাবিত করতে হবে, বিনিয়োগ করতে হবে এবং ছোট ছোট উদ্যোগে কাজ করতে হবে। মেধাকেই প্রাধান্য দিতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত অনেক সময় খালি তদবিরেই চলে যাচ্ছে, যা পোস্টিং-টোস্টিংতে সীমাবদ্ধ। “যদি এই ধরনের তদবিরকেই প্রধান্য দেওয়া হয়, তাহলে সমস্যা দেখা দেবে,” যোগ করেন মির্জা ফখরুল।
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে তিনি বিশ্ববিদ্যালয় স্থাপন, চার লেনের সড়ক নির্মাণ ও স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সব ধরনের বিভাজন ও দ্বন্দ্বের সমালোচনা করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানিয়েছেন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যরা, রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।