বাগেরহাটের রামপাল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় খুলনার কয়রা উপজেলার এক নববধূসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোট ১২ জনের প্রাণহানি হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

নিহতরা হলেন—কয়রা উপজেলার নাকসা গ্রামের ছালাম মোড়লের মেয়ে নববধূ মিতু, তার ছোট বোন লামিয়া (১০) এবং মৃত শামছুউদ্দিন মোড়লের স্ত্রী রাশিদা বেগম (৭৫)।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেল প্রায় ৪টার দিকে খুলনা–মোংলা মহাসড়কের রামপাল উপজেলার বোলাই ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে নাকসা গ্রামের ছালাম মোড়লের মেয়ে মিতুর বিয়ে হয় রামপাল এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সাব্বির হোসেনের সঙ্গে। পরদিন বৃহস্পতিবার সকালে নববধূ মিতু তার ছোট বোন লামিয়া ও বৃদ্ধা দাদি রাশিদা বেগমকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন।

পথিমধ্যে বরযাত্রী বহনকারী মাইক্রোবাসটি রামপালের বোলাই ব্রিজ এলাকায় পৌঁছালে মোংলা থেকে আসা নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা নববধূ, বর ও স্বজনসহ অন্তত ১২ জন নিহত হন বলে স্থানীয়রা জানান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নিহতদের গ্রামের বাড়ি নাকসা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্না ও আহাজারিতে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা নজরুল সানা জানান, দুর্ঘটনার খবর পেয়ে এলাকার মানুষ নিহতদের বাড়িতে ভিড় করছেন এবং শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}