যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় প্রায় অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে কোতয়ালী থানার দাইতলা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তি আবু সাইদ (৪১)। তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কালিনগর গ্রামের বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও কিছু নগদ অর্থ জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা দুটি স্বর্ণের বারের মোট ওজন ২৩৩ দশমিক ২৯ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৫৪ লাখ ৮ হাজার ৮২৮ টাকা।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহজনক আচরণের কারণে আবু সাইদকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু সাইদ জানিয়েছেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি এগুলো বহন করছিলেন।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}