গরমের শুরুতেই জামালপুরের মাদারগঞ্জ পৌরসভায় হঠাৎ করে মশার উপদ্রব বেড়ে গেছে। এতে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন পৌর এলাকার বাসিন্দারা। দ্রুত মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন পৌরবাসী।
প্রথম শ্রেণীর মাদারগঞ্জ পৌরসভায় মোট ৯টি ওয়ার্ড রয়েছে। এখানে ৫০ হাজারের বেশি মানুষের বসবাস। পৌরসভার প্রায় সব এলাকাতেই বর্তমানে মশার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মশার কামড়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
পৌর শহরের বালিজুড়ী পালপাড়া এলাকার বাসিন্দা রাকিবুল ইসলাম হিমেল বলেন, “আমাদের এলাকায় মশার উপদ্রব খুব বেড়ে গেছে। মশার অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। দ্রুত মশা নিধনে ওষুধ ছিটানোর দাবি জানাচ্ছি।”
একই এলাকার বালিজুড়ী পূর্বপাড়ার বাসিন্দা সবুজ মিয়া বলেন, “মশার কারণে খুব কষ্টে আছি। সন্ধ্যা হলেই মশার আক্রমণ শুরু হয়। পৌর কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিক—এটাই আমাদের দাবি।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস, ফাইলেরিয়া ও জাপানিজ এনসেফালাইটিসের মতো মারাত্মক রোগ হতে পারে। এডিস মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়া, অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া এবং কিউলেক্স মশা ফাইলেরিয়া ছড়ায়। এসব রোগে উচ্চ জ্বর, তীব্র মাথাব্যথা, জয়েন্ট ও পেশিতে ব্যথা এবং প্লেটলেট কমে যাওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে।
মাদারগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, “মশা নিধনে পৌরসভার পক্ষ থেকে একটি কার্যক্রম রয়েছে। খুব দ্রুতই সেই কার্যক্রম শুরু করা হবে। পাশাপাশি মশার উৎপত্তিস্থল যেন না হয় সে বিষয়ে পৌরবাসীকেও সচেতন থাকতে হবে।”

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}