জামালপুরের মাদারগঞ্জে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি গ্রহণের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে এক নারী কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত মৌসুমী আক্তার বর্তমানে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিদর্শিকা (FWV) পদে কর্মরত রয়েছেন।

অনুসন্ধানে জানা গেছে, তার প্রকৃত জন্মদাতা পিতার নাম মোজা সরকার হলেও চাকরির কাগজপত্রে পিতার নাম পরিবর্তন করে আবুল কালাম উল্লেখ করা হয়েছে, আবুল কালাম সম্পর্কে মৌসুমীর শ্বশুর। বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালীকান্দি ফকিরপাড়া এলাকার বাসিন্দা। ছিলেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

ও উপজেলা আওয়ামী লীগের সদস্য। অনুসন্ধানে আরও জানা গেছে, পারিবারিক নথিতে মৌসুমী আক্তারের পিতা হিসেবে মোজা সরকার এবং মাতা হিসেবে মরিয়ম বেগমের নাম উল্লেখ রয়েছে। মোজা সরকার ও মরিয়ম বেগম দম্পতির চার সন্তানের মধ্যে মৌসুমী তৃতীয় সন্তান। তার প্রকৃত ঠিকানা—গ্রাম: চরপাকেরদহ (নব্যচর), থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর।

তবে চাকরি-সংক্রান্ত নথিতে পিতার নাম মোজা সরকারের পরিবর্তে আবুল কালাম এবং মাতার নাম মরিয়ম বেগমের পরিবর্তে রায়হানা বেগম উল্লেখ করা হয়েছে। ঠিকানাও পরিবর্তন করে গ্রাম: কোয়ালীকান্দী, ডাকঘর: তেঘরিয়া, থানা: মাদারগঞ্জ, জেলা: জামালপুর দেওয়া হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, মৌসুমী আক্তার ২০১৪ সালের ২০ নভেম্বর মাদারগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পরিদর্শিকা (FWV) পদে নিয়োগপ্রাপ্ত হন।

পিতা-মাতার নাম পরিবর্তন করে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় তেঘরিয়া কেন্দ্র থেকে এসএসসি এবং তেঘরিয়া শাহেদ আলী কারিগরি কলেজ থেকে এইচএসসি পাস করেন। একই নামে ২০১৩ সালে জাতীয় পরিচয়পত্র তৈরি করে পরের বছরই তিনি মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি বাগিয়ে নেন। অভিযোগের বিষয়ে মৌসুমী আক্তারের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।

আপনারা আমার কে? যে আপনাদের সঙ্গে আমার কথা বলতে হবে? কোনো কথা থাকলে অফিসে কথা বলুন।” জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মো. আলী আমজাদ দপ্তরী বলেন, “এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}