গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় রাশেদ দাড়িয়া (৩৫) নামের এক যুবক ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়ার সিদ্ধান্ত নিলেন। এই ঘটনা একটি ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাশেদ একটি বড় অ্যালুমিনিয়ামের পাত্রে বসে এবং তার মা মগ দিয়ে তার মাথায় দুধ ঢালেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদ দাড়িয়া কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের হাচেন দাড়িয়ার ছেলে। শুক্রবার জুম্মার নামাজের আগে নিজের বাড়িতে এই রীতি পালন করে তিনি নামাজ পড়তে যান।

রাশেদ জানান, “গত দুই বছর ধরে আমি অনলাইনে জুয়া খেলছি। এতে প্রায় ১০ লাখ টাকার দেনা হয়েছে এবং দীর্ঘ সময় ধরে হতাশায় ভুগছিলাম। পরিবারের পরামর্শে সৌদি আরবে কাজের জন্য যাচ্ছি। যাওয়ার আগে আমি দুধ দিয়ে গোসল করে জুয়া ছেড়ে দিচ্ছি।”

তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, “এই ক্ষতিকর জুয়া কেউ খেলবেন না। এতে কেউই লাভবান হতে পারে না, সবাই ধ্বংস হয়। যারা খেলছেন, তারা এ পথ থেকে ফিরে আসুন।”

এদিকে রাশেদের এই সিদ্ধান্তের জন্য স্থানীয়রা তাকে অভিনন্দন জানিয়েছেন। পাশের বাড়ির জলিল গাজী বলেন, “রাশেদ দীর্ঘদিন ধরে জুয়ার দেনা ও হতাশায় ভুগছিল। এখন সে জুয়া ছেড়ে সৌদি যাচ্ছে। আমরা তার মঙ্গল কামনা করছি।”

#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}