গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়েদ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান এবং সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু।
দিবসটি উদযাপন উপলক্ষে মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এসময় উপজেলা প্রশাসন, পৌরসভা, থানা পুলিশ, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনসহ স্থানীয় জনগণ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।